
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাহী কমিটির সদস্য এডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন বলেছেন, যারা আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির কথা বলেন, তারা মূলত ‘পালিয়ে যাওয়া পতিত ফ্যাসিবাদের’ পুনর্বাসনের চেষ্টা করছেন। বুধবার, ২০ আগস্ট ২০২৫, বিকেলে ফেনী পৌর এলাকার রামপুরে আয়োজিত দলের সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন।
দেশের নির্বাচনি ব্যবস্থা প্রসঙ্গে এডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন বলেন, “৭১ এর পরাজিত শক্তি ও তাদের দোসররা এ পদ্ধতির পক্ষে কথা বলছেন।” তিনি দেশের জনসংখ্যার পরিসংখ্যান উল্লেখ করে বলেন, “দেশে মোট ভোটারের ২৯ শতাংশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায় আর ১১ শতাংশ রয়েছে উপজাতীয়। এ পদ্ধতি বাংলাদেশের জন্য প্রযোজ্য নয়।”
কর্মসূচিতে উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি জনগণের কাছে তুলে ধরার আহ্বান জানান। তিনি বলেন, “ঘরে ঘরে মা বোনদের কাছে পৌঁছে দিবেন। কোনো ভাবেই ফ্যাসিস্ট কিংবা তাদের দোসরদের প্রশ্রয় দেয়া যাবে না।” দলে নতুন সদস্য অন্তর্ভুক্তির ক্ষেত্রে কঠোর সতর্কতা অবলম্বনের নির্দেশ দিয়ে তিনি আরও বলেন, “আমাদের কারো যোগসাজশেও তারা যেনো বিএনপি’র সদস্য ফরম পূরণ করতে না পারে, সেক্ষেত্রে কঠোর অবস্থান নিবেন।”
ফেনী পৌরসভার ১৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি যোবায়ের আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য হালিমা খাতুন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী, সদস্য এনামুল হক, কামরুল হাসান মাসুদ, নুর হোসেন সেলিম, পৌর বিএনপির আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, পৌর বিএনপির সদস্য সচিব এডভোকেট মেজবাহ উদ্দিন ভূঁইয়া, সিনিয়র যুগ্ম আহ্বায়ক খুরশিদ আলম ভুইয়া, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক এস এম কায়সার এলিন এবং ১৮ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক জসিম উদ্দিন।
অনুষ্ঠানের শেষে প্রধান অতিথি এডভোকেট মেজবাহ উদ্দিন খাঁন নবায়নকৃত সদস্যদের হাতে তাদের সদস্য ফরম তুলে দেন।