
সংবাদ প্রতিবেদন : বাংলা প্রেস মিডিয়া ডেস্ক।
সুস্থ ও গণতান্ত্রিক সমাজ বিনির্মাণে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়ে ফেনীতে পালিত হয়েছে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস। সাংবাদিক ইউনিয়ন ফেনীর উদ্যোগে ৪ মে (সোমবার) বিকেলে শহরের রাজাঝির দিঘীর পাড়স্থ সংগঠনের নিজস্ব কার্যালয় প্রাঙ্গণ থেকে র্যালি বের করা হয় এবং পরবর্তীতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এই র্যালির উদ্বোধন করেন ফেনীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও পৌর প্রশাসক রোমেন শর্মা। র্যালি শেষে সাংবাদিক ইউনিয়ন ফেনীর সভাপতি সিদ্দিক আল মামুনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম ফরায়েজীর সঞ্চালনায় আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে স্বাধীন গণমাধ্যম ও পেশাদার সাংবাদিকদের অধিকার রক্ষার বিষয়ে জোর দেন উপস্থিত বক্তারা।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নিশাত তাবাসসুম, জেলা স্কাউট কমিশনার ফরিদ আহম্মদ, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এয়াকুব নবী ও আনোয়ার হোসেন পাটোয়ারী, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট ফরিদ উদ্দিন খাঁন নয়ন এবং খেলাফত মজলিসের যুগ্ম সাধারণ সম্পাদক আজিজ উল্লাহ আহমেদী।
ভয়ভীতি ও চাপের ঊর্ধ্বে উঠে স্বাধীন সংবাদ চর্চার দাবি জানিয়ে অনুষ্ঠানে সংহতি প্রকাশ করেন বিভিন্ন সাংবাদিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। তাঁদের মধ্যে বক্তব্য রাখেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি দিলদার হোসেন স্বপন, সাপ্তাহিক আনন্দ তারকা সম্পাদক মামুনুর রশীদ মামুন, ফেনী রিপোর্টার্স ইউনিটির সহ-সভাপতি মাইন উদ্দিন, বাংলাদেশ কৃষি ব্যাংক জাতীয়তাবাদী ফোরামের জেলা আহ্বায়ক সাইফুল ইসলাম রাজু, ফেনী রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি শুক দেবনাথ তপন এবং সাংবাদিক ইউনিয়ন ফেনীর সিনিয়র সদস্য কামরুল হাসান লিটন।
এছাড়া সাপ্তাহিক উদয়ন পত্রিকার সম্পাদক এমএ সাঈদ খান, ফেনী টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক শেখ ফরিদ উদ্দিন আাক্তার, বাংলাদেশ প্রেসক্লাব জেলা কমিটির সভাপতি আজাদ মালদার, দৈনিক দিনকালের প্রতিবেদক মফিজুর রহমান, ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন জেলা কমিটির সভাপতি শাহদাত হোসেন, ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি ইমরান পাটোয়ারী, ৭১ টিভির স্টাফ রিপোর্টার নুরুজ্জামান সুমন, দাগনভূঞা প্রেসক্লাবের সহ-সভাপতি মো. মোস্তাফিজুর রহমান সোহেল, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম এবং সোনাগাজী রিপোর্টার্স ইউনিটির সভাপতি মো. ইকবাল হোসেন সেখানে নিজেদের শক্ত অবস্থান তুলে ধরেন।
ফেনী সদর, দাগনভূঞা, সোনাগাজী, ফুলগাজী, পরশুরাম ও ছাগলনাইয়া উপজেলার নানা শ্রেণি-পেশার মানুষ এই সচেতনতামূলক কর্মসূচিতে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে গণমাধ্যমের অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিতের আহ্বান জানান।