
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর ছাগলনাইয়া থানায় এক দশক আগে দায়ের হওয়া একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। গ্রেফতারকৃত আসামীর নাম নুরুল আফছার (৪০)। মঙ্গলবার, ১৯ আগস্ট ২০২৫, দুপুরে ফেনী সদর মডেল থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র্যাব-৭, চট্টগ্রাম সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে যে, ছাগলনাইয়া থানার একটি হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নুরুল আফছার ফেনী সদর এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ওপর ভিত্তি করে র্যাবের একটি আভিযানিক দল মঙ্গলবার দুপুর আনুমানিক ১২টা ১০ মিনিটে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফাজিলপুর এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে ছাগলনাইয়া উপজেলার দৌলতপুর গ্রামের মৃত ইলিয়াস মেম্বারের ছেলে নুরুল আফছারকে গ্রেফতার করতে সক্ষম হয় র্যাব।
উল্লেখ্য, নুরুল আফছার ২০১৪ সালের ২০ এপ্রিল দায়েরকৃত ছাগলনাইয়া থানার ১২ নম্বর হত্যা মামলার (দণ্ডবিধি ১৮৬০ এর ৩০২/৩৪ ধারা) এজাহারভুক্ত আসামী হিসেবে গত দশ বছর ধরে পলাতক ছিল।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।