ছোট ফেনী নদীর ভাঙনে সড়ক বিলীন, পুনর্নির্মাণ ও স্থায়ী বাঁধের দাবি

মোহাম্মদ আবু দারদা, ফেনী

​ফেনী জেলার দাগনভূঞা উপজেলায় ছোট ফেনী নদীর ভাঙনে উত্তর আলিপুর গ্রামের একটি গুরুত্বপূর্ণ সড়ক নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণ ও স্থায়ী বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। বৃহস্পতিবার, ১৪ আগস্ট ২০২৫ সকালে ৭ নং মাতু ভূঁইয়া ইউনিয়নের উত্তর আলিপুর গ্রামে ভাঙনকবলিত এলাকার বাসিন্দাদের উদ্যোগে খেলাফত মজলিসের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

​মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে খেলাফত মজলিস নোয়াখালী জোনের সহ-পরিচালক ও ফেনী-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যক্ষ মোহাম্মদ আলী মিল্লাত ভাঙন প্রতিরোধে সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করেন। তিনি বলেন, “ছোট ফেনী নদীর ভাঙনে এলাকার মানুষের জীবন ও জীবিকা মারাত্মক হুমকির মুখে। সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ না নেন, তাহলে যোগাযোগ ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে এবং বহু মানুষ গৃহহীন হয়ে পড়বে। আমরা ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণ ও ক্ষতিগ্রস্ত অবকাঠামো পুনর্নির্মাণের দাবি জানাই।”

​দাগনভূঞা উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা ইসমাইল মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক হযরত মাওলানা নুরুল আফসার মুরাদের সঞ্চালনায় আয়োজিত এই কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন ইসলামী ছাত্র মজলিস ফেনী জেলা শাখার সেক্রেটারি আব্দুল্লাহ আল নাঈম এবং বাগেরহাট জামে মসজিদের ইমাম মাওলানা ইমাম হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। বক্তারা নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য জরুরি সহায়তা প্রদান এবং ভাঙন প্রতিরোধে একটি দীর্ঘমেয়াদি পরিকল্পনা দ্রুত প্রণয়ন ও বাস্তবায়নের ওপর জোর দেন।

​স্থানীয় বাসিন্দা ফখরুল ইসলাম ক্ষোভ প্রকাশ করে বলেন, “প্রতিবছর নদীভাঙনে শত শত পরিবার বাস্তুচ্যুত হচ্ছে। সরকার নদীশাসন প্রকল্প হাতে নিলে এই দুর্ভোগ লাঘব হবে।”

​এলাকাবাসীর অভিযোগ, গত কয়েক বছর ধরে ছোট ফেনী নদীর তীব্র স্রোতে ঘরবাড়ি, ফসলি জমি এবং বাগেরহাট থেকে আলিপুর যাতায়াতের প্রধান সড়কসহ একাধিক গুরুত্বপূর্ণ স্থাপনা নদীগর্ভে বিলীন হয়েছে। তাদের আশঙ্কা, ভাঙন রোধে জরুরি ভিত্তিতে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে এই অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড পুরোপুরি ভেঙে পড়বে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ