
মুহাম্মদ আবু হেলাল, শেরপুর।।
শেরপুরের নকলায় ভিমরুলের কামড়ে মাত্র তিন বছরের শিশু রায়হান মিয়ার মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২আগস্ট) দুপুরে উপজেলার মমিনাকান্দা গ্রামের ভাইট্টাবাড়ি এলাকায় ঘটে এ হৃদয়বিদারক ঘটনা। নিহত রায়হান ওই এলাকার খোরশেদ আলীর একমাত্র ছেলে।
স্থানীয়রা জানান, ভোরে ঘুম থেকে উঠে রায়হান বাড়ির পাশে সমবয়সী শিশুদের সঙ্গে খেলছিল। হঠাৎ ভিমরুলের আক্রমণে সে গুরুতর আহত হয়। পরিবারের লোকজন দ্রুত নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠানো হয়। কিছুক্ষণ পর অবস্থার অবনতি হলে আবার হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে পথিমধ্যেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই নিষ্পাপ শিশু।
হঠাৎ এ মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে গ্রামের আকাশ-বাতাস।