
ফেনীতে শাপলা চত্বর, মোদী বিরোধী আন্দোলন এবং সাম্প্রতিক জুলাই অভ্যুত্থানে নিহত ও আহতদের স্মরণে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি দোয়া-মাহফিল ও আলোচনা সভার আয়োজন করেছে। বৃহস্পতিবার শহরের একটি কমিউনিটি সেন্টারে জেলা হেফাজতের উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
জেলা হেফাজতে ইসলামের সভাপতি মাওলানা আফজালুর রহমানের সভাপতিত্বে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী। অনুষ্ঠানটি সঞ্চালনার দায়িত্বে ছিলেন জেলা হেফাজতের সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন ফারুক।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা হেফাজতের সেক্রেটারি মাওলানা ওমর ফারুক। এছাড়াও সভায় বক্তব্য দেন জুলাই অভ্যুত্থানে শহীদ ইশতিয়াক আহমেদ শ্রাবণের পিতা নেছার আহমেদ এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলার সাবেক প্রধান সমন্বয়ক মুহাইমিন তাজিম।
আয়োজক সূত্র জানায়, সভায় বক্তারা বিভিন্ন সময়ে নিহতদের আত্মত্যাগের কথা স্মরণ করেন। আলোচনা শেষে নিহতদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত আরোগ্য লাভের জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।