ফেনীতে আহত জুলাই যোদ্ধাদের বিক্ষোভ

মোহাম্মদ আবু দারদা, ফেনী

চট্টগ্রামের তিনজন বিচারকের প্রত্যাহারের দাবিতে ফেনীতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন ‘আহত জুলাই যোদ্ধা’ ব্যানারে আন্দোলনকারীরা। আজ সকালে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে এই কর্মসূচি পালিত হয়। জুলাই হত্যাকাণ্ডে অভিযুক্তদের জামিন মঞ্জুর করার প্রতিবাদে তারা এই পদক্ষেপ নেন।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা চট্টগ্রামের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সাইফুল এলাহী, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আখতার জাবেদ এবং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মিনহাজ রহমানকে অবিলম্বে প্রত্যাহারের দাবি জানান।

বিক্ষোভকারীরা অভিযোগ তুলে বলেন, “জুলাই হত্যাকাণ্ডে জড়িতদের জামিন দিয়ে সংশ্লিষ্ট বিচারকরা ফ্যাসিস্টদের আশ্রয় দিয়েছেন এবং জনগণের ন্যায়ের আকাঙ্ক্ষাকে অপমান করেছেন।” তাদের মতে, এই ধরনের সিদ্ধান্ত বিচার ব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাকে প্রশ্নবিদ্ধ করে।

‘আহত জুলাই যোদ্ধা’ ব্যানারে আয়োজিত এই কর্মসূচির সঞ্চালনা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনীর সমন্বয়ক সোহরাব হোসেন।

সমাবেশে বক্তব্য প্রদান করেন জুলাই মাসের আন্দোলনে আহত যোদ্ধা আবু জাফর, প্রিন্স আজিম, ওমর ফারুক শুভ, মাইনুল করিম, মোহসিন শুভ, তাজিম উদ্দিন, মোঃ বাহার এবং সারাফাত উল্লাহ তানিম। বক্তারা তাদের বক্তব্যে বিচারকদের ভূমিকার তীব্র সমালোচনা করেন এবং ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানান।

বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি শেষে আহত জুলাই যোদ্ধাদের একটি প্রতিনিধি দল ফেনী কোর্ট অভিমুখে পদযাত্রা করে। সেখানে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে নিজেদের দাবি সম্বলিত একটি স্মারকলিপি প্রদান করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ