
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর সোনাগাজী উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদান করেছেন রিগ্যান চাকমা। শনিবার তিনি ভারপ্রাপ্ত ইউএনও এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনার কাছ থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেন।
৩৫তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা রিগ্যান চাকমা এর আগে চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলায় কর্মরত ছিলেন এবং সেখান থেকে বদলি হয়ে সোনাগাজীতে এলেন। যোগদানের পর আয়োজিত পরিচিতি সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। এসময় অন্যদের মধ্যে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানিয়া আক্তার লুবনা উপস্থিত ছিলেন।
দায়িত্ব গ্রহণের পর নবাগত ইউএনও রিগ্যান চাকমা সোনাগাজীর সামগ্রিক উন্নয়নে কাজ করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষার মানোন্নয়ন এবং ইভটিজিং, মাদক, সন্ত্রাস দমনের মতো বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।
তিনি সরকারের উন্নয়নমূলক কার্যক্রম বাস্তবায়নেও সবার সহায়তা চান। উল্লেখ্য, সোনাগাজীর বিদায়ী ইউএনও নাজিয়া হোসেনকে চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় বদলি করা হয়েছে এবং তিনি সেখানে যোগদান করেছেন।