
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর দাগনভূঞায় বাবার বকাঝকায় অভিমান করে আল আমিন হোসেন নাঈম (১৩) নামে এক স্কুলছাত্র আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটে গত রোববার, ২৭ জুলাই, সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার জায়লস্কর ইউনিয়নের উত্তর বারাহী গোবিন্দ এলাকায় তাদের নিজ বাড়িতে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, নাঈম দুই দিন স্কুলে না যাওয়ায় তার বাবা মোহাম্মদ হায়াতুল্লাহ রোববার সকাল ৯টার দিকে তাকে শাসন করেন। এতে অভিমান করে পরিবারের সবার অগোচরে সে নিজের বসতঘরের ভুতুড়ের সঙ্গে একটি গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। নাঈম স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল এবং তার বাবা ইউছুফ মাষ্টার বাড়ির একজন চা দোকানদার।
খবর পেয়ে দাগনভূঞা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। দাগনভূঞা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহিদ পারভেজ জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।