
মোঃ মিজানুর রহমান, হবিগঞ্জ।।
– সারাদেশে চলমান রাজনৈতিক সংকট ও বিএনপি চেয়ারপারসনের বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে এবং ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সন্ধ্যা ৬ টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রানীগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি আবু ছালেহ মো. শফিকুর রহমান, এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মোজাম্মেল হক তালুকদার।
প্রধান অতিথির বক্তব্যে হবিগঞ্জ ৪ আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মোহাম্মদ ফয়সল বলেন- আমি সক্রিয় না থাকলে চুনারুঘাটে বিএনপি গড়ে উঠত না, আমি যখন বিএনপির রাজনীতিতে সক্রিয় ছিলাম, তখন চুনারুঘাটে কর্মী খুঁজে পাওয়া যেত না। আজ যাঁরা নিজেদের নেতা বলে দাবি করেন, তাঁরা তখন হাফ প্যান্ট পরতেন।
চুনারুঘাটে বিএনপি প্রতিষ্ঠার পেছনে আমারই অবদান। তিনি আরও বলেন, আমার বিরুদ্ধে একটি প্রশ্ন তোলা হয়-১৫ বছর আমি কোথায় ছিলাম? আমি বলি, প্রশ্ন হওয়া উচিত ছিল, ৩৫ বছরে আমি চুনারুঘাট-মাধবপুরে কী করেছি? যারা ১৫ বছর ধরে আমার খোঁজ রাখেননি, তাঁদের কাছেই আজ প্রশ্ন করি- আপনারা তখন কী করছিলেন?
বিশেষ অতিথি ও তাঁর পুত্র প্রকৌশলী সৈয়দ ইশতিয়াক আহমেদ বলেন- আমার বাবা কথায় নয়, কাজ দিয়ে প্রমাণ করেছেন। এমপি না হয়েও তিনি চুনারুঘাটে যে উন্নয়ন করেছেন, তা ইতিহাসের সর্বোচ্চ। খোয়াই নদীর ওপর দুটি ব্রিজ, পৌরসভা প্রতিষ্ঠাসহ রাস্তাঘাট, কালভার্ট, মসজিদ-মাদ্রাসায় কোটি কোটি টাকার উন্নয়ন হয়েছে। আপনারা আমার বাবাকে শেষবারের মতো একবার ভোট দিয়ে নির্বাচিত করুন আমি আপনাদের সকল সুখে দুঃখে পাশে থাকবো। চুনারুঘাটে ও মাধবপুরের মতো শিল্প নগরী গড়ে তুলবো।
সভায় আরও বক্তব্য রাখেন- সাবেক উপজেলা চেয়ারম্যান সৈয়দ লিয়াকত হাসান, মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি মো. সামছুল ইসলাম, চুনারুঘাটের সাবেক পৌর মেয়র নাজিম উদ্দিন সামছু, সাটিয়াজুরী ইউনিয়ন বিএনপির সভাপতি এডভোকেট সরকার মোহাম্মদ শহীদ, মাধবপুর পৌর বিএনপির সভাপতি গোলাপ খান, সাধারণ সম্পাদক আলাউদ্দিন রনি, চুনারুঘাট পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অধ্যক্ষ ফজলুল হক তরফদার, মাধবপুর উপজেলা বিএনপির যুগ্ন সম্পাদক মোস্তফা কামাল বাবুল, গাজিপুর ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ আলী, চুনারুঘাট উপজেলা যুবদলের আহ্বায়ক অ্যাডভোকেট মোজাম্মেল হক, সদস্য সচিব লুৎফুর রহমান জালাল, উজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শফিকুর রহমান, যুগ্ম আহ্বায়ক সৈয়দ আবু নাঈম হালিম, চুনারুঘাট উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রুমন তালুকদার, ছাত্রদলের আহ্বায়ক আরিফুর রহমান প্রমুখ।
সভা শুরু হয় পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এবং সদস্য সংগ্রহ ফরম বিতরণের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ ফয়সল। বক্তারা বলেন, “তারেক রহমানের জনপ্রিয়তা ও সাহসী নেতৃত্বের ভয়ে একটি চক্র বিএনপি নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালিয়ে আন্দোলন থামিয়ে দিতে চায়। আমরা রাজপথে থেকেই ষড়যন্ত্রের জবাব দেবো।
সভা শেষে নেতৃবৃন্দ ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সাংগঠনিক কাঠামো আরও শক্তিশালী করার আহ্বান জানান এবং ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মাঠে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।