ফেনীর পরশুরাম সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি নিহত, একজন আহত

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্তে বৃহস্পতিবার, ২৪ জুলাই রাত প্রায় ১২টার দিকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে দুইজন বাংলাদেশি যুবক নিহত হয়েছেন এবং একজন গুরুতর আহত হয়েছেন। নিহতদের নাম মিল্লাত হোসেন (২৫) ও মো. লিটন (৩২)। আহত অবস্থায় রয়েছেন মো. আফছার (৩২)।

নিহত মিল্লাত হোসেন ফেনী জেলার পরশুরাম উপজেলার বাঁশপদুয়া গ্রামের বাসিন্দা, তাঁর পিতা মো. ইউসুফ। নিহত মো. লিটনের পিতা গাছি মিয়া, গ্রাম একই—বাঁশপদুয়া। আহত মো. আফছার একই গ্রামের এয়ার আহম্মেদের ছেলে।

বৃহস্পতিবার গভীর রাতে মিল্লাত হোসেন ও মো. আফছার সীমান্তের বাঁশপদুয়া এলাকায় গেলে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের লক্ষ্য করে গুলি চালায়। গুলিবিদ্ধ অবস্থায় তাদের প্রথমে পরশুরাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে ফেনী সদর হাসপাতালে স্থানান্তর করা হলে মিল্লাত হোসেনের মৃত্যু হয়। অন্যদিকে, আফছারের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। অপরদিকে, মো. লিটন ঘটনাস্থলেই মারা যান এবং তাঁর মরদেহ বিএসএফ ভারতের সীমান্ত এলাকা থেকে নিয়ে যায়। বর্তমানে লিটনের মৃতদেহ বিলোনিয়া হাসপালের মর্গে রয়েছে। তাঁর মরদেহ দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে।

ঘটনাটি ফেনী জেলার পরশুরাম উপজেলার বাঁশপদুয়া সীমান্তে বৃহস্পতিবার, ২৪ জুলাই, রাত প্রায় ১২টার দিকে সংঘটিত হয়। প্রাথমিক তথ্যমতে, সীমান্তে অবস্থানকালে বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি চালান। তবে এ ঘটনায় সুনির্দিষ্ট কারণ এখনো স্পষ্ট নয়। ঘটনার প্রকৃত কারণ জানতে উভয় দেশই তদন্ত কার্যক্রম চালাচ্ছে।

ঘটনার পর বাংলাদেশের সীমান্ত রক্ষী বাহিনী, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পতাকা বৈঠকের উদ্যোগ নিয়েছে এবং বিএসএফ কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে প্রতিবাদলিপি প্রেরণ করেছে। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানিয়েছেন, সীমান্তে এমন অনাকাঙ্ক্ষিত ও প্রাণঘাতী ঘটনা অত্যন্ত অপ্রীতিকর ও কোনোভাবেই কাম্য নয়।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের পক্ষ থেকে জানিয়েছে, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ