
মোহাম্মদ আবু দারদা, ফেনী প্রতিনিধি।
ফেনী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অনলাইনে জুয়া খেলায় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম মোঃ সাইফুল ইসলাম (৪৪), পিতা মোঃ নূরনবী, মাতা মোছাঃ রোসনা বেগম। তিনি ফেনী পৌরসভার ০৫ নং ওয়ার্ডের বিরিঞ্চি মাদ্রাসা রোডের বাসিন্দা।
গত ২২ জুলাই ২০২৫, সন্ধ্যা ৭টা ২০ মিনিটে ফেনী পৌরসভার উত্তর সহদেবপুর গ্রামের আলোকদিয়া সড়কের উত্তর পাশে একটি চা দোকানে অভিযান চালায় ডিবি পুলিশ। অভিযানে দেখা যায়, মোঃ সাইফুল ইসলাম মোবাইল ফোনে অনলাইন অ্যাপের মাধ্যমে জুয়া খেলছেন এবং মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) দিয়ে টাকা লেনদেন করছেন। তার হাত থেকে জুয়া সংক্রান্ত অ্যাপ ও টাকা লেনদেনের প্রমাণ উদ্ধার করা হয়।
এ ঘটনায় ফেনী মডেল থানায় ২৩ জুলাই ২০২৫ একটি মামলা (নং ৪৩) রুজু করা হয়েছে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জুয়ার মতো সামাজিক অপরাধ রোধে তারা নিয়মিত অভিযান চালিয়ে যাবে।