খুলনায় পুলিশ কনস্টেবল নিয়োগে স্বচ্ছতার পরীক্ষা, শারীরিক ধাপ পেরোলেন প্রার্থীরা

রাসেল আহমেদ,খুলনা

 

খুলনা জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমে শারীরিক সক্ষমতা যাচাইয়ের তৃতীয় দিনের পরীক্ষা সুষ্ঠু ও স্বচ্ছ পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (১৭ এপ্রিল) দ্বিতীয় দিনের ধাপ উত্তীর্ণ প্রার্থীদের অংশগ্রহণে এ কার্যক্রম শুরু হয়। দিনব্যাপী শারীরিক সক্ষমতা যাচাইয়ের গুরুত্বপূর্ণ তিনটি ইভেন্ট—১৬০০ ও ১০০০ মিটার দৌড়, ড্র্যাগিং এবং রোপ ক্লাইম্বিং—অনুষ্ঠিত হয়। প্রতিটি ধাপে নির্ধারিত মানদণ্ডে প্রার্থীদের পারফরম্যান্স মূল্যায়ন করে যোগ্যদের পরবর্তী ধাপের জন্য বাছাই করা হয়।
নিয়োগ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে পুরো মাঠজুড়ে ছিল কড়া নজরদারি। প্রতিটি ইভেন্টে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সরাসরি তদারকি করেন, যাতে কোনো ধরনের অনিয়ম বা পক্ষপাতের সুযোগ না থাকে। এতে প্রার্থীদের মধ্যেও দেখা যায় আত্মবিশ্বাস ও প্রতিযোগিতামূলক মনোভাব।
দিন শেষে নিয়োগ বোর্ডের সভাপতি ও খুলনা জেলার পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান শারীরিক সক্ষমতা যাচাইয়ে উত্তীর্ণ প্রার্থীদের অভিনন্দন জানান। তিনি বলেন, “সেবার ব্রতে চাকরি” এই মূলমন্ত্র ধারণ করে সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ দেওয়া হচ্ছে।
এ সময় নিয়োগ বোর্ডের অন্যান্য সদস্য, পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিসহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ