
রাসেল আহমেদ,খুলনা
খুলনায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে প্রার্থীদের শারীরিক মাপ গ্রহণ ও কাগজপত্র যাচাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে।
বুধবার (১৫ এপ্রিল) শিরোমনি পুলিশ লাইন্সে এ কার্যক্রমের উদ্বোধন করেন খুলনা জেলা পুলিশ সুপার ও জেলা নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মাহবুবুর রহমান। তার সার্বিক তত্ত্বাবধানে নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী প্রার্থীদের উচ্চতা, বুকের মাপসহ প্রয়োজনীয় শারীরিক যোগ্যতা যাচাই করা হয়। একইসঙ্গে তাদের শিক্ষাগত ও অন্যান্য সনদপত্রও পরীক্ষা করা হয়।
নিয়োগ প্রক্রিয়াকে স্বচ্ছ ও নিরপেক্ষ রাখতে কঠোর নজরদারির মধ্যে পুরো কার্যক্রম পরিচালিত হয়। এ সময় নিয়োগ বোর্ডের সদস্যরা উপস্থিত থেকে কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
এছাড়া পুলিশ হেডকোয়ার্টার্স, ঢাকা থেকে আগত প্রতিনিধিরা এবং খুলনা জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালন করেন।
জেলা পুলিশের সংশ্লিষ্টরা জানান, যোগ্য প্রার্থী বাছাইয়ের লক্ষ্যে প্রতিটি ধাপ নিরপেক্ষতা ও স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করা হচ্ছে এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।