
এম.নিজাম উদ্দীন মজুমদার সজিবঃ
ফেনীর ছাগলনাইয়া উপজেলার পুরাতন আদালত মাঠে বুধবার (২৬ নভেম্বর ২০২৫) সকাল ১১টায় সপ্তাহব্যাপী জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। দেশীয় পশুপালনে আধুনিক প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি ও উৎপাদনশীলতা বাড়ানোর লক্ষ্যে উপজেলা প্রশাসন এবং প্রাণিসম্পদ দপ্তরের যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
‘দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি, প্রাণিসম্পদে হবে উন্নতি’—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের সূচনা করেন ছাগলনাইয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুবল চাকমা। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি), প্রাণিসম্পদ অধিদপ্তর এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রত্যক্ষ সহযোগিতায় আয়োজিত এই মেলায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে খামারিরা তাদের পালিত উন্নত জাতের গবাদিপশু ও পাখি নিয়ে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাগলনাইয়া উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রাশা ফারজানা। তিনি তার বক্তব্যে প্রাণিসম্পদ খাতের টেকসই উন্নয়নে আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং দেশীয় জাত সংরক্ষণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোমেনা বেগম এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইফুল ইসলাম আজাদ। এছাড়া উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো. আবদুল জলিলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।