
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর ফুলগাজী উপজেলার উত্তর বরইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাল্যবিবাহ প্রতিরোধ, প্রসূতি স্বাস্থ্যসেবা ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে এক বিশেষ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য অফিস ফেনীর ব্যবস্থাপনায় ১৮ নভেম্বর ২০২৫ মঙ্গলবার সকালে এই সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হয়। সমাবেশে স্থানীয় নারীদের অংশগ্রহণে সামাজিক অবক্ষয় রোধ ও স্বাস্থ্যঝুঁকি কমাতে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।
সমাবেশে বক্তারা গ্রামীণ জনপদে নারীদের শিক্ষার হার বৃদ্ধি পেলেও বাল্যবিবাহের কারণে তাদের অগ্রযাত্রা ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ প্রকাশ করেন। নারীর ক্ষমতায়ন ও সুস্থ আগামী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যেই মূলত এই সমাবেশের আয়োজন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার এস এম আল আমিন এবং প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসিম উদ্দিন পাটোয়ারী।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসিম উদ্দিন পাটোয়ারী স্থানীয় প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বর্তমানে এই অঞ্চলে মেয়েদের শিক্ষার হার সন্তোষজনক হলেও বাল্যবিবাহের কারণে অধিকাংশের শিক্ষাজীবনের অকাল সমাপ্তি ঘটছে। তিনি নারীদের স্বাস্থ্যঝুঁকি কমাতে এবং নিরাপদ মাতৃত্ব নিশ্চিতে বাড়িতে সন্তান প্রসব না করিয়ে স্বাস্থ্যকেন্দ্র বা হাসপাতালে প্রসব করানোর পরামর্শ দেন। তার মতে, মা ও নবজাতকের সুরক্ষা নিশ্চিত করতে প্রাতিষ্ঠানিক প্রসবের কোনো বিকল্প নেই।
সভাপতির বক্তব্যে জেলা তথ্য অফিসার এস এম আল আমিন পুরুষদের বাদ দিয়ে শুধু নারীদের নিয়ে সমাবেশ আয়োজনের যৌক্তিকতা ব্যাখ্যা করেন। তিনি বলেন, সন্তান লালন-পালন ও তাদের চরিত্র গঠনে মায়ের ভূমিকাই মূখ্য। সন্তান সবসময় মায়ের সান্নিধ্য বেশি পায়, তাই মায়েদের সচেতনতা বৃদ্ধি করা জরুরি। তিনি উল্লেখ করেন, নারীর ক্ষমতায়নের জন্য সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করলেও বাল্যবিবাহ এসব অর্জনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। তিনি বাল্যবিবাহের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সতর্ক করে এ ধরনের সামাজিক ব্যাধি প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান জানান। পাশাপাশি নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে মহিলা বিষয়ক অধিদপ্তর ও যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিভিন্ন সরকারি প্রশিক্ষণ কর্মসূচির তথ্য তুলে ধরেন।
সমাবেশের শুরুতে উত্তর বরইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোবিন্দ কুমার পাল আমন্ত্রিত অতিথি ও উপস্থিত নারীদের ধন্যবাদ জানিয়ে স্বাগত বক্তব্য রাখেন। স্থানীয় প্রশাসন ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাদের উপস্থিতিতে এই সমাবেশ এলাকাবাসীর মধ্যে ব্যাপক সাড়া ফেলে।