
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ২৩৭টি সংসদীয় আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
এ তালিকায় এবারও এসেছে নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার বারবার ধানের শীষের মনোনয়ন পাওয়া বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রকোণা জেলার সাধারণ সম্পাদক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ড. রফিকুল ইসলাম হিলালী।
ড. রফিকুল ইসলাম হিলালী নেত্রকোণা-৩ আসন থেকে ধানের শীষ প্রতীকে লড়বেন।
সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তালিকা প্রকাশ করেন।
মনোনয়ন পাওয়ার পরপরই ড. রফিকুল ইসলাম হিলালী তাঁর ফেসবুক আইডিতে লিখেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের চূড়ান্ত সিদ্ধান্তে তাঁকে মনোনয়ন প্রদান করা হয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, “এই প্রাপ্তি আমার জীবনের পরম আনন্দ ও গৌরবের। তবে এই আনন্দ আমার একার নয়-এটি কেন্দুয়া-আটপাড়ার প্রতিটি মানুষের, প্রতিটি ত্যাগী নেতাকর্মীর ও শুভানুধ্যায়ীর। এই অর্জন সম্ভব হয়েছে আপনাদের দোয়া, ভালোবাসা ও অবিচল সমর্থনের ফলেই।”
তিনি দলের অন্যান্য মনোনয়ন প্রত্যাশীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা সবাই একই পরিবারের সদস্য। প্রতিদ্বন্দ্বী হতে পারি, কিন্তু প্রতিপক্ষ নই। লক্ষ্য, আদর্শ ও পতাকা আমাদের এক-ধানের শীষ।”
একইসঙ্গে তিনি নেতাকর্মীদের সংযম ও শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন- কোনো আনন্দ মিছিল, মিষ্টি বিতরণ বা ফুল দেওয়া-নেওয়া করা যাবে না, সামাজিক মাধ্যমে এমন কিছু প্রকাশ করা যাবে না, যা অন্য কারো মনে কষ্ট দেয় বা বিভেদ সৃষ্টি করে।
“এখনই সময় ঐক্য, সহনশীলতা ও প্রজ্ঞার সঙ্গে এগিয়ে চলার। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে বিজয়ের পথে পরিচালিত করুন। ইনশাআল্লাহ, খুব শিগগিরই আমরা স্মরণকালের সেরা বিজয়ের আনন্দ উদযাপন করব।”
পরিশেষে তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।