
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
বাংলাদেশ পুলিশ একাডেমি, সারদা, রাজশাহীতে প্রশিক্ষণরত ৪১তম ও ৪৩তম বিসিএস (পুলিশ) ক্যাডারের ৩২ জন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার (এএসপি) বৃহস্পতিবার ফেনী জেলা পরিদর্শন করেছেন। শিক্ষা সফরের অংশ হিসেবে ২৫ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে তারা ফেনী জেলা পুলিশ সুপারের কার্যালয়ে উপস্থিত হন।
ফেনী জেলার পুলিশ সুপার জনাব মো: হাবিবুর রহমান শিক্ষানবিশ কর্মকর্তাদের ফুলের শুভেচ্ছা জানিয়ে স্বাগত জানান। এ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি ভবিষ্যৎ পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি সততা, শৃঙ্খলা, পেশাদারিত্ব এবং মানবিক মূল্যবোধকে ধারণ করে নিজেদের জনবান্ধব পুলিশ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
পুলিশ সুপার তার বক্তব্যে বলেন, “আপনারা আগামী দিনের পুলিশ বাহিনীর নেতৃত্ব দিবেন। দেশের জন্য নিবেদিত থেকে জনগণের আস্থা অর্জনই হবে আপনাদের সবচেয়ে বড় অর্জন।” তিনি আশা প্রকাশ করেন, এই নবীন কর্মকর্তারা তাদের সাহস, সততা ও দূরদর্শিতা দিয়ে দেশের সেবায় এক অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করবেন।
পরিদর্শনকালে শিক্ষানবিশ কর্মকর্তাদের সামনে ফেনী জেলার নির্দিষ্ট ভৌগলিক অবস্থান, এখানকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে বহুমাত্রিক চ্যালেঞ্জসমূহ তুলে ধরা হয়। একটি পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে জেলার অপরাধ পরিস্থিতি মোকাবেলা এবং পুলিশি সেবা প্রদানের কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।