শেরপুরে অতিরিক্ত দামে সার, ডিলারকে লাখ টাকা জরিমানা

মুহাম্মদ আবু হেলাল, শেরপুর

​শেরপুরে সরকার নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি ও লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে দুটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে সদর উপজেলার আখেরমামুদ বাজারে এই অভিযান পরিচালনা করা হয়। দণ্ডিত প্রতিষ্ঠান দুটি হলো বিএডিসির ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজ এবং শিশির এন্টারপ্রাইজ।

​আমন মৌসুমকে ঘিরে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে সারের দাম বাড়াচ্ছেন, এমন তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়। সরেজমিন অভিযানে অভিযোগের প্রমাণ পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অতিরিক্ত দামে সার বিক্রির দায়ে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ডিলার মেসার্স মীম এন্টারপ্রাইজকে ১ লাখ টাকা জরিমানা করেন। একই সঙ্গে লাইসেন্স ছাড়াই সার বিক্রির অপরাধে শিশির এন্টারপ্রাইজ নামের আরেকটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

​অভিযান পরিচালনার সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু এবং উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আনোয়ার হোসেনসহ প্রশাসনের অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

​এ বিষয়ে সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুসলিমা খানম নীলু বলেন, “সরকারি নির্ধারিত মূল্যের বাইরে সার বিক্রির কোনো সুযোগ নেই। কৃষকের স্বার্থ রক্ষায় যেখানেই এমন অভিযোগ পাওয়া যাবে, সেখানেই কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।”

​সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আব্দুল্লাহ আল মাহমুদ ভূইয়া বলেন, “কৃষকের স্বার্থকে অগ্রাধিকার দিয়েই আমরা এই অভিযান পরিচালনা করেছি। কৃষি উৎপাদন ব্যাহত করার মতো কোনো প্রভাবশালী বা অসাধু ব্যবসায়ীকে ছাড় দেওয়া হবে না। কৃষকদের স্বার্থ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

​এদিকে, প্রশাসনের এমন তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা। তারা জানান, প্রতি আমন মৌসুমেই কিছু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরি করে তাদের আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত করেন। এই অভিযান অসাধু ব্যবসায়ীদের জন্য একটি সতর্কবার্তা বলে তারা মনে করছেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ