
ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
নাটোরের বাগাতিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী নানা আয়োজনে পালিত হয়েছে ।
বৃহস্পতিবার বিকালে মালঞ্চি বাজার ভ্যান স্ট্যান্ড এলাকা থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় সেখানে ফিরে এসে পথসভায় মিলিত হয়।শোভাযাত্রায় লাল-সবুজের জাতীয় পতাকা ও দলীয় পতাকা হাতে নেতাকর্মী অংশ নেন। বাদ্যযন্ত্রের তালে তালে নানা স্লোগানে মুখর ছিল পুরো এলাকা।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের ব্যানার হাতে অংশগ্রহণকারীদের ভিড়ে শোভাযাত্রা হয়ে ওঠে উৎসবমুখর।প্রতিষ্ঠাবার্ষিকীর এই কর্মসূচি পালিত হয় কেন্দ্রীয় নির্দেশনার অংশ হিসেবে। নাটোর-১ আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ও কেন্দ্রীয় বিএনপির সহ-দপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপুর সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি সফলভাবে সম্পন্ন হয়। টিপু দীর্ঘদিন ধরে স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ে সক্রিয়ভাবে কাজ করছেন। আসন্ন নির্বাচনে তাঁকে নিয়ে দলের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক আশাবাদ লক্ষ্য করা যাচ্ছে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগাতিপাড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি গোলাম মোস্তফা নয়ন, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সদ্য সাবেক পৌর মেয়র শরিফুল ইসলাম লেলিন, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক শামীম সরকারসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।সভায় বক্তারা বলেন, বিএনপি এদেশের গণমানুষের অধিকার আদায়ের দল।
গণতন্ত্র পুনরুদ্ধার এবং জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠায় এ দল সবসময় আন্দোলন-সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছে। বক্তারা আসন্ন দিনে ঐক্যবদ্ধভাবে আন্দোলন জোরদার করার আহ্বান জানান।