
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনী জেলায় স্বাস্থ্যসেবার মান নিশ্চিতকরণের লক্ষ্যে লাইসেন্স নবায়নের জন্য অপেক্ষমাণ শহরের দুটি বেসরকারি হাসপাতালে পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগের একটি বিশেষ দল। ফেনীর সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিমের নির্দেশনায় মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫ তারিখে এই পরিদর্শন পরিচালিত হয়। অভিযানে হাসপাতালগুলোর লাইসেন্স সংক্রান্ত কাগজপত্র, ভৌত অবকাঠামো এবং সেবার মানে বিভিন্ন অসংগতি পরিলক্ষিত হওয়ায় সেগুলো দ্রুত সংশোধনের জন্য নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়েছে।
পরিদর্শন দলটির নেতৃত্ব দেন ফেনী সদর উপজেলার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাইফুল ইসলাম। দলে আরও উপস্থিত ছিলেন ফেনীর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট ডা. মো. ইলিয়াস ভুইঁয়া, সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার (সমন্বয়) ডা. মো. ইমাম হোসেন এবং সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) জনাব মাইন উদ্দিন। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশিকা অনুসরণ করে দলটি হাসপাতাল পরিচালনার সার্বিক দিক খতিয়ে দেখে।
পরিদর্শনকালে দলটি হাসপাতাল দুটির প্রয়োজনীয় দলিলাদি যেমন— হালনাগাদ ট্রেড লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, বর্জ্য ব্যবস্থাপনার চুক্তিপত্র, নারকোটিকস লাইসেন্স এবং পূর্ববর্তী লাইসেন্সের অনুলিপি যাচাই করে। পাশাপাশি, হাসপাতালের ভৌত সুবিধাদি, যার মধ্যে অভ্যর্থনা কক্ষ, এক্স-রে রুম, ল্যাবরেটরি, কেবিন, ওয়ার্ড, অপারেশন থিয়েটার এবং টয়লেটের পরিচ্ছন্নতা ও ব্যবস্থাপনার দিকগুলো পুঙ্খানুপুঙ্খভাবে মূল্যায়ন করা হয়।
বিশেষায়িত সেবা, যেমন— আইসিইউ, সিসিইউ এবং এনআইসিইউ পরিচালনার ক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রয়োজনীয় সনদ ও কাগজপত্র পরীক্ষা করা হয়। এছাড়া হাসপাতালে কর্মরত মেডিকেল টেকনোলজিস্টসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীদের বিবরণ, চিকিৎসা বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি এবং ল্যাবরেটরিতে ব্যবহৃত রিএজেন্টের গুণগত মান গভীরভাবে পর্যবেক্ষণ করা হয়। অপারেশন থিয়েটার ও প্রসূতি কক্ষে থাকা যন্ত্রপাতির কার্যকারিতা এবং জীবাণুমুক্ত পরিবেশ বজায় রাখার প্রক্রিয়াটিও সরেজমিনে যাচাই করে দেখা হয়।
পরিদর্শন শেষে দলটি বিভিন্ন ক্ষেত্রে বেশ কিছু অসংগতি চিহ্নিত করে এবং হাসপাতাল কর্তৃপক্ষকে তা রেকর্ডের মাধ্যমে জানানো হয়। এই ত্রুটিগুলো নিরসনের জন্য একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে সকল অসংগতি সংশোধন করে তার সচিত্র প্রতিবেদন সিভিল সার্জন কার্যালয়ে জমা দেওয়ার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়।
এ বিষয়ে জেলা স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, ফেনীর সাধারণ মানুষ যেন সুষ্ঠু ও উন্নতমানের স্বাস্থ্যসেবা পায়, তা নিশ্চিত করতে সিভিল সার্জনের নেতৃত্বে স্বাস্থ্য বিভাগ নিয়মিতভাবে এমন কার্যক্রম অব্যাহত রাখবে এবং মানসম্মত সেবা নিশ্চিতে সর্বদা সচেষ্ট থাকবে।