
শাহীন সুলতানা, কুলিয়ারচর (কিশোরগঞ্জ)
কিশোরগঞ্জের কুলিয়ারচরে ২০২৫ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ সুযোগ ফিরিয়ে দেয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করেছেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশন।
সোমবার (২৮ জুলাই, ২০২৫) সকাল পৌনে বারোটায় কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের আয়োজনে উপজেলা পরিষদ প্রাঙ্গণে মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র হাতে স্মারকলিপি তুলে দেন অত্র সংগঠনের নেতৃবৃন্দ।
শুরুতে মানববন্ধনে বক্তব্য রাখেন, উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি নয়ন মণি সাহা, সাধারণ সম্পাদক মোঃ তৌহিদুল ইসলাম বিপ্লব, সাবেক সভাপতি মোহাম্মদ মুছা, কিশোরগঞ্জ জেলা কিন্ডারগার্টেন সোসাইটির সভাপতি মোস্তাক আহমেদ, ভৈরব উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক ওয়াহিদ চৌধুরী সৈকত, কুলিয়ারচর উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের অর্থ সম্পাদক মোঃ আল মাসুদ, সিনিয়র সহ-সভাপতি সোহরাব হোসেন হিমেল, উপদেষ্টা মোঃ শাজাহানসহ মানববন্ধনে অংশগ্রহণকারী বিদ্যালয়ের প্রধানগণ ও সহকারী শিক্ষক, শিক্ষার্থীরা।
এসময় বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষার যুগান্তকারী ও সময়োপযোগী অবদান রাখা কিন্ডারগার্টেন ও বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থীকে বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত করার পরিপত্রটি বৈষম্যমূলক দৃষ্টান্ত স্থাপন করেছে।
বক্তারা বলেন, বেসরকারি বিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ গ্রহণ করতে না পারে তবে শিক্ষার্থী ও তাদের পরিবারের উপর যে মানসিক চাপ ও বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয় তার সকল দায়দায়িত্ব সরকারকেই বহন করতে হবে।
তাই, ২০২৫ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের সুযোগ ফিরিয়ে দেয়ার জোর দাবি জানান তারা।
উক্ত মানববন্ধনে উপজেলার ২১ টি কিন্ডারগার্টেনের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক সহ কিশোরগঞ্জ জেলা, বাজিতপুর ও ভৈরব উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।