মাদক ও কিশোর অপরাধ বন্ধের কড়া নির্দেশ: ফেনীতে পরিবেশমন্ত্রী

সংবাদ প্রতিবেদন : মুহাম্মদ মোশাররফ হোসাইন, (ফেনী)।

​ফেনীতে শিগগিরই একটি পূর্ণাঙ্গ মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার বিষয়ে প্রধানমন্ত্রীর ইতিবাচক সাড়ার কথা নিশ্চিত করেছেন পরিবেশ ও বন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু। দাগনভূঞা আতাতুর্ক সরকারি হাই স্কুল অডিটরিয়ামে শনিবার (৩০শে মে, ২০২৬) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে এই কর্মসূচির আয়োজন করা হয়।

​সামাজিক অবক্ষয় নিয়ন্ত্রণের ওপর জোর দিয়ে মন্ত্রী জানান, তরুণ প্রজন্মকে রক্ষায় মাদক, সংঘবদ্ধ কিশোর অপরাধ ও অবৈধভাবে ফসলি জমির মাটি কাটা অবিলম্বে বন্ধ করতে হবে। এসব সামাজিক ব্যাধি দূর করা গেলে সমাজের অর্ধেক সমস্যার স্বয়ংক্রিয় সমাধান হবে বলে তিনি উল্লেখ করেন। সংঘবদ্ধ কিশোর অপরাধ দমনে কেবল প্রশাসনের ওপর নির্ভর না করে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানকে সম্মিলিতভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

​দাগনভূঞা পৌরসভার সাবেক মেয়র আকবর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা নাসির উদ্দিন খন্দকার। আলোচনা সভায় বক্তারা বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের উন্নয়নে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদান স্মরণ করেন। আলোচনা শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ দোয়া পরিচালনা করা হয়। কর্মসূচিতে দাগনভূঞা উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলসহ অঙ্গ সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ