
সংবাদ প্রতিবেদন : মুহাম্মদ মোশাররফ হোসাইন, ফেনী।
ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে ঈদুল আজহা উপলক্ষে সর্বস্তরের মানুষের জন্য এক ‘কুরবানি মেজবান’-এর আয়োজন করেন ফেনী পৌরসভার সম্ভাব্য মেয়র পদপ্রার্থী ও খেলাফত মজলিস নেতা প্রকৌশলী শাহ শিহাব উদ্দিন। বৃহস্পতিবার (২৮শে মে, ২০২৬) সন্ধ্যা থেকে রাত সাড়ে ১২টা পর্যন্ত চলা এই আয়োজনে অংশ নেন শত শত সাধারণ মানুষ।
সামাজিক ভেদাভেদ ভুলে শহরের কেন্দ্রস্থলে এক মেঝেতে বসে ডাল, ভাত ও কুরবানির গোশত গ্রহণ করেন চিকিৎসক, শিক্ষক, ব্যবসায়ী থেকে শুরু করে রিকশাচালক, দিনমজুর ও সুবিধাবঞ্চিত নারী-শিশুরা। আয়োজক শাহ শিহাব উদ্দিন জানান, আত্মপ্রচার বা মিডিয়া কাভারেজের চেয়ে মানুষের সেবাকে প্রাধান্য দেওয়াই ছিল এই মেজবানের প্রধান লক্ষ্য। সুবিধাবঞ্চিতদের আত্মসম্মানের কথা বিবেচনা করে খাবার গ্রহণের ছবি তোলা থেকে বিরত থাকার কথাও জানান তিনি।
মেজবান বাস্তবায়নে মাঠ পর্যায়ে কাজ করেন জেলা খেলাফত মজলিস, ইসলামী ছাত্র মজলিস ও যুব মজলিসের নেতাকর্মীরা। অনুষ্ঠানস্থলে সার্বিক তদারকিতে উপস্থিত ছিলেন শাহ শিহাব উদ্দিনের সহধর্মিণী, জেলা খেলাফত মজলিস সভাপতি মাওলানা মোজাফফর আহমদ জাফরীর সহধর্মিণী এবং জেলা যুব মজলিস সাধারণ সম্পাদক আব্দুল আউয়াল রাকিবের সহধর্মিণীসহ পরিবারের সদস্যরা।