
জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও।
ঠাকুরগাঁও-পঞ্চগড় মহাসড়কের সালন্দর চৌধুরী হাট এলাকায় বিআরটিসি বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এই ঘটনায় বাসের যাত্রীসহ আহত হয়েছেন অন্তত বেশ কয়েকজন। আজ শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, পঞ্চগড়গামী একটি বিআরটিসি বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের জোরালো সংঘর্ষ হয়। সংঘর্ষের ফলে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন (প্রাথমিকভাবে পিকআপ চালক বা যাত্রী বলে ধারণা করা হচ্ছে) প্রাণ হারান।
দুর্ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধারকাজে এগিয়ে আসেন। পরবর্তীতে ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে পাঠায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
দুর্ঘটনার ফলে মহাসড়কের ওই অংশে কিছুক্ষণ যান চলাচল বিঘ্নিত হয়। পরে হাইওয়ে ও থানা পুলিশ দুর্ঘটনাকবলিত যানবাহন দুটি সরিয়ে নিলে পরিস্থিতি স্বাভাবিক হয়।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, নিহত ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ঘাতক বাস ও পিকআপটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। বর্তমানে হাসপাতালের আহতদের চিকিৎসার বিষয়টি তদারকি করা হচ্ছে।