
মো: রফিকুল ইসলাম,নড়াইলঃ
অসাধু ব্যবসায়ীদের কারসাজিতে বাজার থেকে ভোজ্যতেল উধাও এবং কৃত্রিম সংকট তৈরির প্রতিবাদে নড়াইলে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ বুধবার (৮ এপ্রিল) বেলা ১১টায় নড়াইল প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব),নড়াইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। মানববন্ধনে বক্তারা বলেন,সাধারণ ভোক্তাদের জিম্মি করে একশ্রেণির মুনাফালোভী ব্যবসায়ী বাজার থেকে সয়াবিনসহ ভোজ্যতেল সরিয়ে ফেলছে।
এর ফলে বাজারে তেলের তীব্র সংকট সৃষ্টি হয়েছে এবং সাধারণ মানুষ চরম ভোগান্তির শিকার হচ্ছে। বক্তারা অবিলম্বে বাজার মনিটরিং জোরদার করা এবং এসব অসাধু সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। উল্লেখ্য যে, গত কয়েকদিন ধরে স্থানীয় বাজারে ভোজ্যতেলের সরবরাহ অস্বাভাবিকভাবে কমে যাওয়ায় সাধারণ ক্রেতাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
ক্যাব নেতৃবৃন্দ হুশিয়ারি উচ্চারণ করে বলেন,দ্রুততম সময়ের মধ্যে তেলের সরবরাহ স্বাভাবিক না হলে এবং কারসাজি বন্ধ না হলে ভবিষ্যতে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।
সরকার নির্ধরিত মুল্যে ভ্যোজ্যতেল বিক্রি করার দাবী জানানো হয়। মানববন্ধনে ক্যাব নড়াইল জেলা শাখার সভাপতি মলয় নন্দি,সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, স্থানীয় সচেতন নাগরিক সমাজ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।