
সিদ্দিকুর রহমান শাহীন (ফুলবাড়ী) কুড়িগ্রাম।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে চালক আতাউর রহমান নিহত হয়েছেন।
তিনি নাগেশ্বরী উপজেলার মন্ডলটারী গ্ৰামের আজিজল রহমানের ছেলে।
এসময় ট্রলিতে থাকা হেলপার একই উপজেলার ইব্রাহিমের পুত্র মোঃ সবুজ মিয়া (১৭) গুরুতর আহত হয়েছেন।
সোমবার বেলা ১২টার দিকে ফুলবাড়ী-লালমনিরহাট সড়কের ধরলা সেতু সোনাইকাজী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানান, ওসমান আলী নামের এক ক্রেতা গঙ্গারহাট এলাকার ‘মেসার্স ডাবলু এ এইচ’ ব্রিক ফিল্ড থেকে ১৫০০ ইট ক্রয় করেন। ইট নিয়ে ট্রলিটি লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে ধরলা সেতুপাড় সোনাইকাজী এলাকায় পৌঁছালে চলন্ত ট্রলিটির সামনের চাকার শ্যাফট ভেঙে যায়। এতে চালক ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে গাড়িটি সড়কের ওপর উল্টে পড়ে। এসময় ট্রলিচালক ও হেলপার দুজনেই গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক চালককে মৃত ঘোষণা করেন।
ফুলবাড়ী থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) শাহআলম জানান, ট্রলির নিচে চাপা পড়ে একজনের মৃত্যু হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।