দুর্ঘটনার মরণফাঁদ ঠাকুরগাঁও চৌরাস্তা ফুট ওভারব্রিজের দাবিতে মির্জা ফখরুলের হস্তক্ষেপ কামনা

জসীমউদ্দিন ইতি ঠাকুরগাঁও।

 

উত্তরাঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ জেলা ঠাকুরগাঁওয়ের প্রাণকেন্দ্র ‘চৌরাস্তা মোড়’ এখন সাধারণ মানুষের জন্য এক আতঙ্কের নাম। প্রতিনিয়ত অনিয়ন্ত্রিত যানবাহনের চাপ, যানজট এবং সিগন্যাল অমান্য করে দ্রুতগতিতে গাড়ি চলার কারণে এখানে পারাপার হতে গিয়ে হিমশিম খাচ্ছেন হাজার হাজার মানুষ। জননিরাপত্তার কথা বিবেচনা করে এই ব্যস্ততম মোড়ে একটি আধুনিক ফুট ওভারব্রিজ নির্মাণের জোর দাবি তুলেছেন পথচারীরা। এ বিষয়ে ঠাকুরগাঁওয়ের কৃতি সন্তান ও হেভিওয়েট রাজনীতিবিদের সুদৃষ্টি ও বিশেষ হস্তক্ষেপ কামনা করছেন স্থানীয় জনতা।
সরেজমিনে দেখা যায়, ঠাকুরগাঁও শহরের মূল কেন্দ্র এই চৌরাস্তা মোড় দিয়ে আন্তঃজেলা বাস, পণ্যবাহী ট্রাক, হাজার হাজার ইজিবাইক ও মোটরসাইকেল চলাচল করে। রাস্তার প্রশস্ততার তুলনায় যানবাহনের সংখ্যা কয়েক গুণ বেশি হওয়ায় পথচারীদের রাস্তা পার হতে দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়। ঝুঁকি নিয়ে পার হতে গিয়ে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। বিশেষ করে স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী, বয়স্ক নাগরিক এবং রোগীদের জন্য এই রাস্তা পার হওয়া অত্যন্ত কষ্টসাধ্য ও বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে।

মির্জা ফখরুলের প্রতি সাধারণ মানুষের প্রত্যাশা:
এলাকার সাধারণ মানুষ ও সচেতন মহলের মতে, ঠাকুরগাঁওয়ের উন্নয়নে যেকোনো বড় পদক্ষেপে এলাকার কৃতি সন্তানদের ভূমিকা অপরিসীম। পথচারীরা বলছেন, ঠাকুরগাঁওয়ের মাটি ও মানুষের নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জন্ম ও বেড়ে ওঠা এই শহরেই। তার প্রতি সাধারণ মানুষের আস্থা ও ভালোবাসা সবসময়ই অন্যরকম। স্থানীয় জনগণের প্রাণের দাবি— তিনি যেন এই জনদুর্ভোগ নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলেন এবং একটি ওভারব্রিজ বাস্তবায়নে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন। এলাকার সাধারণ মানুষ মনে করেন, তার আন্তরিক প্রচেষ্টাই পারে শহরের চিত্র বদলে দিতে।

রাস্তা পার হতে আসা স্থানীয় এক পথচারী আ: খালেক আক্ষেপ করে বলেন, এই মোড়ে কয়েক মিনিট দাঁড়িয়ে থাকলেই বোঝা যায় মানুষের কতটা কষ্ট হয়। জীবন বাজি রেখে আমাদের রাস্তা পার হতে হয়। এখানে একটা ওভারব্রিজ হওয়া এখন বিলাসিতা নয়, বরং সময়ের দাবি।

সচেতন নাগরিক সমাজ মনে করছেন, ক্রমবর্ধমান জনসংখ্যার চাপে ঠাকুরগাঁও শহর এখন অনেক বেশি ঘিঞ্জি হয়ে পড়ছে। যদি দ্রুত এই মোড়ে একটি ফুট ওভারব্রিজ নির্মাণ করা না হয়, তবে ভবিষ্যতে বড় ধরনের প্রাণহানির আশঙ্কা রয়েছে। তাই কালক্ষেপণ না করে দ্রুত সম্ভাব্যতা যাচাই করে একটি পরিকল্পিত ওভারব্রিজ নির্মাণের দাবি এখন জেলার সর্বস্তরের মানুষের।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ