
ফজলুর রহমান, নিজস্ব সংবাদদাতাঃ
দুর্নীতি ও অনিয়ম প্রসঙ্গে কঠোর অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, আমার নাম ব্যবহার করে কেউ যদি অবৈধ সুবিবধা নিতে আসে, তাকে বসিয়ে রেখেই আমাকে ফোন দেবেন। সে যেই হোক না কেন। যদি কাউকে আপনাদের কাছে পাঠাতে হয়, আমি নিজে বলে পাঠাব। আমার নাম ভাঙিয়ে কেউ ইলিগ্যাল বেনিফিট নিতে পারবে না।
আমরা বিগত দিনে কালচার নষ্ট করে ফেলেছি। আমার নির্দেশ ছাড়া কিছু করা যাবে না, সেটা ন্যায্য হোক বা অন্যায় হোক এই মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে।
ডেফিনেটলি বেরিয়ে আসতে হবে। না পারলে আমরা কোনো কাজই এগিয়ে নিতে পারব না।
রাবিবার (১ মার্চ) দুপুরে উপজেলা পরিষদের বড়াল সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মিজানুর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন সমাজকল্যাণ এবং নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল।
এর আগে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
প্রতিমন্ত্রী আরও বলেন, আমরা যারা রাজনীতি করি, জনগণের চাওয়া-পাওয়া আমাদের কাছে অনেক বেশি গুরুত্ব পায়। বিগত ১৭-১৮ বছরের প্রত্যাশা এবং আগামী পাঁচ বছরের প্রত্যাশা সব মিলিয়ে আমাদের ওপর চাপ থাকবে বেশি। তাই দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন উপজেলা পঃপঃ কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজুয়ানুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা ভবসিন্ধু রায়, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফয়জুল কবির তিতাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিরিন আক্তারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
দুই দিনের সরকারি সফরের দ্বিতীয় দিনে নাটোর-১ (লালপুর–-বাগাতিপাড়া) আসনে সফরকালে তিনি বাগাতিপাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে এ মতবিনিময় করেন।
সভার আগে তিনি বড়াল নদী পরিদর্শন করেন এবং দীর্ঘদিন বন্ধ থাকা মালঞ্চি রেলস্টেশন ঘুরে দেখেন। স্টেশনটি পুনরায় চালুর বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন তিনি।
পরে উপজেলা পরিষদ মিলানায়তনে দলীয় নেতা কর্মীদের কাছ থেকে শুভেচ্ছা গ্রহণ করেন।