
ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেল -অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের দুর্ঘটনায় আহত প্রধান শিক্ষক ১১ দিন হাসপাতালের বেডে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন।
সোমবার (২৬ জানুয়ারী) সকাল সাড়ে ৯ টার দিকে রংপুর প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে বলে স্বজনরা নিশ্চিত করেছেন।
নিহত প্রধান শিক্ষকের নাম মো: আব্দুল লতিফ সরকার। তিনি ফুলবাড়ী উপজেলার পশ্চিম নগরাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ভাঙ্গামোড় ইউনিয়নের পশ্চিম নগরাজপুর গ্রামের মৃত পল্লী চিকিৎসক তবারক আলীর ছেলে। তার মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজন ও শিক্ষক সহকর্মী এবং শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
এর আগে গত ১৫ জানুয়ারী সকালে নিজ প্রতিষ্ঠান থেকে আব্দুল লতিফ সরকার উপজেলায় একটি মাসিক সমন্বয় সভায় অংশ গ্রহণ করার জন্য মোটরসাইকেল যোগে রওহনা করেন।
ফুলবাড়ী আসার আগে খরিবাড়ী এলাকায় এসে মোটরসাইকেল ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে মারাত্মক আহত হয়। পরে তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
পরে সেখান থেকে ঢাকায় ডাক্তার দেখানোর পর রংপুর প্রাইম মেডিকেল কলেজ থেকে ভর্তি করা হয়েছে।
ফুলবাড়ী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা লিপিকা রাণী রায় প্রধান শিক্ষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।