
মোহাম্মদ আবু দারদা, ফেনী।
ফেনীর দাগনভূঞা উপজেলায় ফসলি জমির উর্বর উপরের অংশ বা ‘টপ সয়েল’ কেটে বিক্রির বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। কৃষি জমি রক্ষায় রবিবার (১১ জানুয়ারি) রাত সাড়ে ১০টা থেকে সোমবার (১২ জানুয়ারি) রাত পৌনে ২টা পর্যন্ত পরিচালিত এক বিশেষ অভিযানে মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ট্রাক জব্দ এবং একটি এক্সকাভেটর বা মাটি কাটার যন্ত্র ঘটনাস্থলেই অকেজো করে দেওয়া হয়েছে।
দাগনভূঞা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলমের নেতৃত্বে উপজেলার রামনগর, রাজাপুর ও সিন্দুরপুর ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে এ অভিযান পরিচালিত হয়। রাতের আঁধারে কৃষি জমির মাটি কাটার খবর পেয়ে প্রশাসনের এই দল তাৎক্ষণিক অভিযান শুরু করে। অভিযানকালে মাটি পরিবহনের কাজে নিয়োজিত একটি ট্রাক জব্দ করা হয়। এছাড়া মাটি কাটার একটি এক্সকাভেটর জব্দ করে নিয়ে আসা লজিস্টিক কারণে সম্ভব না হওয়ায়, সেটিকে ভবিষ্যতে ব্যবহার অনুপযোগী বা অকেজো করে দেওয়া হয়েছে।
অভিযান শেষে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম জানান, কৃষি জমির শ্রেণি পরিবর্তন বা ক্ষতিসাধন আইনত দণ্ডনীয় অপরাধ। মাটির ব্যবসার সঙ্গে জড়িত সিন্ডিকেট বা ব্যক্তিদের চিহ্নিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাদের (ইউএলএও) দ্রুততম সময়ের মধ্যে জড়িতদের তালিকা তৈরি করে জমা দেওয়ার নির্দেশনা প্রদান করা হয়েছে।
মধ্যরাত পর্যন্ত চলা এই অভিযানে আইনশৃঙ্খলা রক্ষা ও নিরাপত্তা বিধানে বাংলাদেশ পুলিশ এবং আনসার বাহিনীর দুটি দল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের সঙ্গে ‘স্ট্রাইকিং ফোর্স’ হিসেবে সক্রিয় সহযোগিতা প্রদান করে। জনস্বার্থে এবং পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।