দাগনভূঞায় অবৈধ মাটি ব্যবসায়ীর জেল, এস্কেভেটর ও ট্রাক্টর জব্দ

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর দাগনভূঞা উপজেলায় ফসলি জমির উর্বর উপরের অংশ বা ‘টপসয়েল’ রক্ষায় কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। রবিবার (২৮ ডিসেম্বর, ২০২৫) রাত থেকে সোমবার (২৯ ডিসেম্বর, ২০২৫) ভোর পর্যন্ত চলা এক বিশেষ অভিযানে অবৈধভাবে মাটি কাটার দায়ে একজনকে আটক করে তাৎক্ষণিক সাজা প্রদান করা হয়েছে। পাশাপাশি জব্দ ও অকেজো করা হয়েছে মাটি কাটার কাজে ব্যবহৃত একাধিক ভারী যন্ত্রপাতি।

​প্রশাসন সূত্রে জানা যায়, উপজেলার গজারিয়া ও সিন্দুরপুর ইউনিয়নের সত্যপুর এলাকায় রবিবার রাত ১০টা ৩০ মিনিট থেকে সোমবার রাত ২টা ৩০ মিনিট পর্যন্ত দীর্ঘ চার ঘণ্টা ধরে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। অভিযানের নেতৃত্ব দেন দাগনভূঞার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম। কৃষি জমির শ্রেণি পরিবর্তন ও উর্বরতা নষ্ট করে অবৈধভাবে মাটি কাটার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এই অভিযান চালানো হয়।

​অভিযান চলাকালে অবৈধভাবে মাটি কাটার কাজে সরাসরি সম্পৃক্ত থাকার অপরাধে একজনকে ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরবর্তীতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় অপরাধ প্রমাণ হওয়ায় আটক ব্যক্তিকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

​ঘটনাস্থল থেকে অবৈধ কাজে ব্যবহৃত দুটি ট্রাক্টর জব্দ করে হেফাজতে নেওয়া হয়। এ ছাড়া মাটি কাটার কাজে নিয়োজিত বিশাল আকৃতির দুটি এস্কেভেটর মেশিন দুর্গম এলাকা থেকে থানায় স্থানান্তর করা সম্ভব না হওয়ায় সেগুলোকে ঘটনাস্থলেই কারিগরি উপায়ে অকেজো করে দেওয়া হয়, যেন পরবর্তীতে সেগুলো দিয়ে আর অবৈধ কার্যক্রম চালানো না যায়।

​ফসলি জমি ধ্বংসের বিরুদ্ধে পরিচালিত এই অভিযানে বাংলাদেশ পুলিশ ও আনসার বাহিনীর দুটি চৌকস দল সঙ্গীয় ফোর্স হিসেবে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে সার্বিক সহযোগিতা প্রদান করে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, পরিবেশ ও কৃষি জমি রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ