
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
নেত্রকোণা-৩ (কেন্দুয়া–আটপাড়া) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর পক্ষে আনুষ্ঠানিকভাবে ধানের শীষ প্রতীকের মনোনয়ন ফরম ক্রয় ও সংগ্রহ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে কেন্দুয়া উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিফাতুল ইসলামের কাছ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভুইঁয়া, সিনিয়র সহসভাপতি মো. হাবিবুর রহমান মোসলেম, যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক, কেন্দুয়া পৌর বিএনপির সভাপতি খোকন আহমেদ ডিলার, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ।
এ বিষয়ে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক তার ব্যক্তিগত ফেসবুক আইডির এক পোস্টের মাধ্যমে জানান, আসন্ন ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে নেত্রকোণা-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ড. রফিকুল ইসলাম হিলালীর পক্ষে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র সংগ্রহ সম্পন্ন হয়েছে।
বিএনপি নেতারা এ সময় আশাবাদ ব্যক্ত করে বলেন, ড. রফিকুল ইসলাম হিলালী একজন গ্রহণযোগ্য ও জনপ্রিয় প্রার্থী। দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এ আসনে বিএনপি বিজয়ী হবে বলে তারা আশা প্রকাশ করেন।