
রুকন উদ্দিন, কেন্দুয়া (নেত্রকোণা)
নেত্রকোণার কেন্দুয়া উপজেলা খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় চলতি বছরের আগস্ট মাসের বরাদ্দকৃত ২’শ ৮০ মেট্রিকটন চাল বিতরণে অনিয়মের অভিযোগে মাঠপর্যায়ে তদন্তে নেমেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গত বুধবার (১৭ ডিসেম্বর) বিকাল ৪টা থেকে শুরু করে সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শেষ হয় দুদকের তদন্ত অভিযান কার্যক্রম। অভিযান টিমের নেতৃত্ব দেন দুদকের ময়মনসিংহের উপ-সহকারী পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন।
জানা যায়, উপজেলায় মোট ৯ হাজার ৩’শ ৯৯ জন হতদরিদ্র ১৫ টাকা কেজি ধরে খাদ্য বান্ধব কর্মসূচির চাল পেয়ে থাকেন, কিন্তু গত আগস্ট মাসের বরাদ্দকৃত ২’শ ৮০ মেট্রিকটন চাল হতদরিদ্র মাঝে বিতরণ না করে খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা ও ডিলারদের যোগসাজশে বিক্রির অভিযোগ উঠে। সময়মতো চাল না পাওয়ায় কিছু সুবিধাভোগী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করলে বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগের প্রেক্ষিতে দুদক ময়মনসিংহের অনুসন্ধানী টিম কেন্দুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার কার্যালয়ে সরেজমিনে গিয়ে নথিপত্র যাচাই-বাছাই করেন এবং ওখান থেকে নওপাড়া ইউনিয়নের ডিলার আউটলেট পরিদর্শন সহ কিছু কার্ড ধারী, সংশ্লিষ্ট ডিলার ও স্থানীয়দের জবানবন্দি গ্রহণ করেন। এছাড়াও তদন্তের স্বার্থে বেশকিছু সরকারি নথিপত্র জব্দ করে দুদক কার্যালয়ে নিয়ে যান দুদক টিম।
কেন্দুয়া উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা কাওসার আহমেদ বলেন, গত আগস্ট মাসের ডিও চাল বিতরণে একটু দেরি হয়েছে তবে দেরিতে হলেও সকল কার্ড ধারী চাল পেয়েছেন। অনিয়ম বলতে যা বুঝায় তা হলো বিলম্বে বিতরণ হওয়ায় অনিয়মের প্রশ্ন উঠেছে। তারপরও যারা চাল পাননি তাদেরকে চাল দেয়ার জন্য সংশ্লিষ্ট ডিলারগণকে নির্দেশ দেয়া হয় চাল বিতরণের জন্য, ডিলারগণও সংশ্লিষ্ট ট্যাগ অফিসারগণের উপস্থিততে চাল বিতরণ করেছেন। চাল বিক্রি করে অর্থ আত্মসাৎ এটা সম্পুর্ন কাল্পনিক কথা, দেরিতে হলেও শতভাগ চাল বিতরণ করা হয়েছে।
সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটে তদন্ত অভিযান কার্যক্রম শেষে দুর্নীতি দমন কমিশন (দুদক) ময়মনসিংহ অফিসের উপ-পরিচালক রাজু মোহাম্মদ সারোয়ার হোসেন বলেন, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতেই আজকের এই তদন্ত অভিযান। আমরা উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার অফিসের নথিপত্র ও একটি ডিলার পয়েন্টের কিছু সুবিধাভোগী, নওপাড়া ইউনিয়নের খাদ্য বান্ধব ডিলার ও স্থানীয়দের বক্তব্য নিয়েছি এগুলো পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।