পরিবেশ ছাড়পত্র না থাকায় পরশুরামে দুটি ইটভাটা সিলগালা, চিমনী ধ্বংস

মোহাম্মদ আবু দারদা, ফেনী।

ফেনীর পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নে পরিবেশ বিধ্বংসী অবৈধ ইটভাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে স্থানীয় প্রশাসন। ২ ডিসেম্বর ২০২৫ মঙ্গলবার দুপুরের দিকে পরিচালিত এক বিশেষ অভিযানে ছাড়পত্র না থাকায় দুটি ইটভাটার কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এর মধ্যে মেসার্স সততা ব্রিকসকে ১ লাখ টাকা জরিমানা এবং মেসার্স বক্সমাহমুদ ব্রিকস ম্যানুফেকচারিং-এর চিমনী ভেঙে দেওয়া হয়।

​পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই দীর্ঘদিন ধরে কার্যক্রম চালিয়ে আসছিল এসব ইটভাটা। পরিবেশ দূষণ রোধ ও কৃষি জমির উপরিভাগের মাটি বা টপসয়েল রক্ষায় জেলা পরিবেশ অধিদপ্তরের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন পরশুরাম উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এস এম শাফায়াত আখতার নুর। অভিযানে মেসার্স সততা ব্রিকসের পরিবেশগত ছাড়পত্র না থাকায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করে এবং চুল্লির আগুন নিভিয়ে কার্যক্রম পুরোপুরি বন্ধ করে দেয়। একই অভিযোগে মেসার্স বক্সমাহমুদ ব্রিকস ম্যানুফেকচারিং-এর চিমনী গুঁড়িয়ে দিয়ে সেটিরও কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

​অভিযান চলাকালীন ঘটনাস্থলে উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তর ফেনী জেলা কার্যালয়ের উপ-পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা, সহকারী পরিচালক ও জ্যেষ্ঠ রসায়নবিদ তানবীর হোসেন এবং পরিদর্শক শাওন শওকত। এছাড়া র‍্যাব-৭ এর একটি বিশেষ দল ও জেলা পুলিশের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় ও অভিযানে সার্বিক সহায়তা প্রদান করেন। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে আইন অমান্য করে এসব ভাটা পরিচালিত হচ্ছিল, যা স্থানীয় পরিবেশের ওপর বিরূপ প্রভাব ফেলছিল।

​অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক সংযুক্তা দাশ গুপ্তা সুস্পষ্টভাবে জানান, ছাড়পত্রবিহীন কোনো ইটভাটা চলতে দেওয়া হবে না। পরিবেশের ভারসাম্য ও ফসলি জমির টপসয়েল রক্ষায় জেলা প্রশাসনের সহযোগিতায় এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। স্থানীয় কৃষিজমি ও বায়ুমান রক্ষায় প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন মহল।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ