
রুকন উদ্দিন কেন্দুয়া (নেত্রকোণা)
রাজনৈতিক অঙ্গনের পরিচিত মুখ, নেত্রকোণা-৩ (কেন্দুয়া-আটপাড়া) নির্বাচনী এলাকার গণমানুষের সেবক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নেত্রকোণা জেলার সাবেক উপদেষ্টা ও দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান ডাইনামিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এম.ডি) রোটারিয়ান এম নাজমুল হাসান অপপ্রচারের প্রতিবাদ জানিয়েছেন।
তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগকে ‘হলুদ সাংবাদিকতা ও রাজনৈতিক প্রতিপক্ষের অপপ্রচার’ বলে মন্তব্য করেন তিনি। বিবৃতিতে এম নাজমুল হাসান বলেন, দীর্ঘদিন ধরে তার বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র চলছে।
তার ভাষায়, “আমি নিশ্চিত যারা এ ধরনের অপপ্রচার করছে তারা আমার রাজনৈতিক প্রতিপক্ষ কিংবা ব্যবসায়িক স্বার্থে ক্ষুব্ধ একটি বিশেষ গোষ্ঠী।” তিনি দাবি করেন, সারাজীবন সততা ও নৈতিকতার সঙ্গে ব্যবসা পরিচালনা করেছেন এবং কখনো দুর্নীতি বা অবৈধ কাজে জড়িত ছিলেন না।
নিজ প্রতিষ্ঠিত “ডাইনামিক গ্রুপ” নিয়ে কথা বলতে গিয়ে তিনি জানান, গত ১৫ বছরে কঠোর পরিশ্রম, স্বচ্ছ লেনদেন এবং নিয়মিত ভ্যাট–ট্যাক্স প্রদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটি দাঁড় করিয়েছেন। রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার কারণে বহুবার ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
চাঁদাবাজির অভিযোগ নিয়ে ক্ষোভ প্রকাশ করে এম নাজমুল হাসান বলেন, “আমি কখনো চাঁদাবাজি করিনি, বরং চাঁদাবাজিকে ঘৃণা করি। নিজ অর্থে রাজনীতি করি এবং মানুষের কল্যাণ ছাড়া কোনো পদ বা প্রতিদানের আশা করি না।”
শীত, বন্যা, করোনাসহ বিভিন্ন দুর্যোগে ব্যক্তিগত অর্থায়নে কেন্দুয়া ও আটপাড়ার মানুষের পাশে থাকার কথাও স্মরণ করিয়ে দেন তিনি।
রাজনৈতিক আন্দোলনে তার ভূমিকা প্রসঙ্গে তিনি বলেন, ফ্যাসিস্ট-বিরোধী আন্দোলন কিংবা জুলাই আন্দোলনে তার সক্রিয় অংশগ্রহণ সর্বজনবিদিত। স্বৈরাচারী আমলে নেতাকর্মীদের জেল–জুলুমের সময়ও তিনি পাশে ছিলেন বলে দাবি করেন।
এম নাজমুল হাসান আরও বলেন, কেন্দুয়া–আটপাড়ার মানুষ তাকে ভালোভাবে জানেন ও গ্রহণ করেন। “আমার এলাকাবাসী, বন্ধুবান্ধব ও পরিচিত মহল জানেন আমি কেমন মানুষ। তারা কখনো আমাকে নিয়ে হলুদ সাংবাদিকতা বিশ্বাস করবেন না”—যোগ করেন তিনি।
পরিশেষে অপপ্রচারের বিরুদ্ধে আল্লাহর ওপর ভরসা রেখে তিনি বলেন, “রাখে আল্লাহ, মারে কে? অতীতেও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এখনো থাকবো। ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করবে আমারই প্রিয় এলাকাবাসী।”
স্থানীয় জনগণ বলেন, রোটারিয়ান এম নাজমুল হাসান একজন সাদা মনের মানুষ। তিনি একজন সৎ নিষ্ঠাবান পরোপকারী।
কেন্দুয়া আটপাড়ার এমন কোন এলাকা নেই যেখানে নাজমুল হাসানের নিজস্ব সাহায্য সহযোগিতা পৌঁছায়নি। আমরা রোটারিয়ান এম নাজমুল হাসানের বিরুদ্ধে সকল অপপ্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।