
সংবাদ প্রতিবেদন : মুহাম্মদ আবু হেলাল, নিত্যবয়ান সংবাদদাতা, শেরপুর।
ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তে অভিযান চালিয়ে ৪৮ লাখ ৫১ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৭শে আগস্ট, ২০২৬) রাতে উপজেলার বান্দরকাটা এলাকায় এই চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়।
গোপন সংবাদের ভিত্তিতে ওইদিন রাতে বান্দরকাটা এলাকায় অবস্থান নেয় বিজিবির একটি টহল দল। এ সময় চোরাকারবারিরা অভিনব কৌশল ব্যবহার করে ভারত থেকে ওই অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের ডিসপ্লেগুলো পাচারের চেষ্টা করে। তবে বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা মালামাল ফেলে রেখে পালিয়ে যায়। পরে সেখান থেকে প্রায় অর্ধকোটি টাকা মূল্যের এসব অবৈধ বৈদ্যুতিক যন্ত্রাংশ উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন বিজিবি সদস্যরা।
সীমান্ত সুরক্ষায় জিরো টলারেন্স নীতির কথা উল্লেখ করে ময়মনসিংহ ব্যাটালিয়নের (৩৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নুরুল আজিম বায়েজীদ জানান, ময়মনসিংহ ও শেরপুর জেলার আন্তর্জাতিক সীমান্তে মাদক, চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ রোধে দিনরাত ২৪ ঘণ্টা দায়িত্ব পালন করছেন তারা। সীমান্তে যেকোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির এই কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলেও নিশ্চিত করেন এই কর্মকর্তা।
