
জসীমউদ্দিন ইতি
ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও জেলার মাধ্যমিক বিদ্যালয়সমূহে জেন্ডার বান্ধব গ্রিন স্কুল কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) সকালে জেলা শিক্ষা অফিসের সার্বিক সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম এবং REACTS IN প্রকল্পের উদ্যোগে ঠাকুরগাঁও সদর উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খাইরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন।
সংশ্লিষ্টরা জানান, এ কার্যক্রমের আওতায় পর্যায়ক্রমে ঠাকুরগাঁও জেলার প্রতিটি মাধ্যমিক বিদ্যালয়ে কর্মসূচিটি বাস্তবায়ন করা হবে।
সভায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের কার্যক্রম তুলে ধরেন সিনিয়র ম্যানেজার অনুকূল চন্দ্র বর্মন। এছাড়া জেন্ডার, প্রতিবন্ধিতা ও সামাজিক অন্তর্ভুক্তি (জিইডিএসআই) বান্ধব গ্রিন স্কুল বিষয় উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম ম্যানেজার পিকিং চ্যাম্বুগং এবং REACTS IN প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার জুলিয়াস আর্থার সরকার।
অনুষ্ঠানে প্রকল্পের আওতাধীন জেলার নির্বাচিত ৪২টি বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ অংশগ্রহণ করেন। সভায় জেন্ডার বান্ধব নীতিমালা অনুসরণ করে কীভাবে পরিবেশবান্ধব, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা যায়, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক সরদার মোস্তফা শাহিন এ উদ্যোগের প্রশংসা করে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, এ কার্যক্রম শিক্ষা ব্যবস্থার সাথে অত্যন্ত সামঞ্জস্যপূর্ণ এবং সময়োপযোগী। তিনি শিক্ষকদের আরও সক্রিয় ভূমিকা পালন করে কর্মসূচিটির টেকসই বাস্তবায়নের আহ্বান জানান। পাশাপাশি নিয়মিত শিক্ষা কার্যক্রমের মনিটরিংয়ের সাথে এই কর্মসূচির মানদণ্ড সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।
উপজেলা শিক্ষা কর্মকর্তাগণসহ উপস্থিত বক্তারা বলেন, একটি টেকসই ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে এ উদ্যোগ অত্যন্ত সহায়ক হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, ঠাকুরগাঁও এরিয়া প্রোগ্রাম ‘REACTS IN’ প্রকল্পের প্রজেক্ট অফিসার মারুফা খাতুনসহ জেলা শিক্ষা অফিসের প্রতিনিধিসহ জেলার সকল উপজেলা শিক্ষা কর্মকর্তাগণ