
রাসেল আহমেদ,খুলনা
খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে দুই সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার।
মনোনীতরা হলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য রকিবুল ইসলাম বকুল এবং খুলনা-৪ আসনের সংসদ সদস্য এস কে আজিজুল বারী হেলাল।
জাতীয় সংসদ সচিবালয়ের মানবসম্পদ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। ১৬ এপ্রিল ২০২৬ তারিখে জারি করা ওই প্রজ্ঞাপনে সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষর করেন।
প্রজ্ঞাপনে বলা হয়, ‘খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০২০’-এর ১৯(১)(খ) ধারা অনুযায়ী স্পিকার এই দুই সংসদ সদস্যকে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য হিসেবে মনোনীত করেছেন।
এর আগে ১৯ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় থেকে সিন্ডিকেট সদস্য মনোনয়নের জন্য জাতীয় সংসদ সচিবালয়ে প্রস্তাব পাঠানো হয়। সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।
এ বিষয়ে জারি করা প্রজ্ঞাপনের অনুলিপি সংশ্লিষ্ট দুই সংসদ সদস্য, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে পাঠানো হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের নীতিনির্ধারণী এই ফোরামে দুইজন সংসদ সদস্যের অন্তর্ভুক্তি শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক কার্যক্রমে ইতিবাচক প্রভাব ফেলবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।