
খুলনা সংবাদদাতা
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তেরখাদা উপজেলার ২ নং বারাসাত ইউনিয়নে বিএনপি থেকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, ব্যবসায়ী ও সমাজসেবক মো. মিল্টন হোসেন মুন্সীকে ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে আলোচনা চলছে।
এ উপলক্ষে শনিবার (২৫ এপ্রিল) রাতে উপজেলার কাকদী গ্রামে এক নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন পরিমল মাস্টার। এতে বক্তব্য দেন মাস্টার আশীষ বাবু, বিএনপি নেতা সাজ্জাদ হোসেন নান্টা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. সোহাগ মুন্সী এবং সমাজসেবক রতন বাবুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, মো. মিল্টন হোসেন মুন্সী দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে এলাকার মানুষের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। আসন্ন নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন দেওয়া হলে ইউনিয়নের উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তারা আশা প্রকাশ করেন।
সভায় মো. মিল্টন হোসেন মুন্সী বলেন, তিনি জনগণের সেবা ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে আসছেন। সুযোগ পেলে বারাসাত ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নয়নমুখী ইউনিয়ন হিসেবে গড়ে তুলতে কাজ করবেন বলে তিনি উল্লেখ করেন।
তিনি উপস্থিত সকলের সমর্থন ও দোয়া কামনা করেন।