রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন

এস এম আবু কাউসার, বিশেষ প্রতিবেদক

 

নারায়ণগঞ্জের রূপগঞ্জে রাস্তা নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী । শুক্রবার (২৪ এপ্রিল) দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের বালু দক্ষিণপাড়া এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় মানববন্ধনে বক্তারা বলেন,উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের বালু দক্ষিণপাড়া গ্রামটি দীর্ঘকাল ধরে অবহেলিত। হেলাল উদ্দিনের বাড়ি থেকে মধুর বাড়ি পর্যন্ত প্রায় আধা কিলোমিটারের এ সড়ক সামান্য বৃষ্টি হলেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। বর্তমানে রাস্তায়টিতে কোনো রিকশা বা জরুরি সেবার অ্যাম্বুলেন্সও গ্রামে ঢুকতে পারে না। ফলে প্রসূতি মা ও মুমূর্ষু রোগীদের হাসপাতালে নিতে অবর্ণনীয় কষ্ট পোহাতে হয়। বর্ষার মৌসুমে স্কুল কলেজের শিক্ষার্থীদের হাঁটু সমান কাদা মাড়িয়ে তাদের স্কুল-কলেজে যেতে হয়। অনেক সময় জামা-কাপড় নষ্ট হয়ে যাওয়ায় তারা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারে না। এছাড়া রাস্তাটি কাঁচা ও ভাঙাচোরা হওয়ায় কৃষিপণ্য পরিবহনেও কৃষকদের গুনতে হচ্ছে দ্বিগুণ খরচ। গত ৭ মাস আগে রাস্তা নির্মাণের কাজ শুরু হলেও আলোর মুখ দেখেনি সড়কটি।
মানববন্ধনে বক্তারা আরও বলেন, নির্বাচনের সময় জনপ্রতিনিধিরা রাস্তাটি করে দেওয়ার প্রতিশ্রুতি দিলেও নির্বাচনের পর কেউ আর খোঁজ নেন না। উপজেলা প্রশাসন ও ইউনিয়ন পরিষদের কাছে একাধিকবার গেলেও এখন পর্যন্ত কোনো কার্যকর প্রতিকার পাওয়া যায়নি।
মানববন্ধনে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে রাস্তা নির্মাণের কাজ শুরু করার কোনো দৃশ্যমান পদক্ষেপ নেওয়া না হয়, তবে আগামীতে তারা উপজেলা পরিষদ ঘেরাওসহ আরও কঠোর কর্মসূচি পালন করবেন।
পরিশেষে, এলাকাবাসী যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে এই জনদুর্ভোগ লাঘবে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করেন।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ