
খুলনা সংবাদদাতা
খুলনার রূপসা উপজেলার শিয়ালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্র দ্বিতীয় দিনের এসএসসি ও সমমান পরীক্ষাও শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) অনুষ্ঠিত এ পরীক্ষায় বাংলা দ্বিতীয় পত্রে অংশ নেয় শিক্ষার্থীরা।
কেন্দ্র সূত্রে জানা যায়, কেন্দ্র কোড-৪৮১ এর আওতাধীন শিয়ালী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিল ৩৪০ জন। এর মধ্যে নিয়মিত ৩৩২ জন এবং অনিয়মিত ৮ জন শিক্ষার্থী অংশ নেওয়ার জন্য তালিকাভুক্ত ছিল।
এদিন পরীক্ষায় অংশগ্রহণ করে মোট ৩৩৫ জন শিক্ষার্থী। অংশগ্রহণকারীদের মধ্যে ১৬২ জন ছাত্র এবং ১৭৩ জন ছাত্রী। অনুপস্থিত ছিল ৫ জন ছাত্রী। পরীক্ষায় কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা বা বহিষ্কারের ঘটনা ঘটেনি। ফলে উপস্থিতির হার দাঁড়ায় ৯৮ দশমিক ৫৩ শতাংশে।
পরীক্ষা চলাকালীন কেন্দ্রের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সকাল থেকেই কঠোর অবস্থানে ছিল আইনশৃঙ্খলা বাহিনী। শিয়ালী ক্যাম্পের এএসআই আজমীরের নেতৃত্বে পুলিশ সদস্যরা কেন্দ্রের আশপাশে নিয়মিত টহল দেন এবং পরীক্ষার্থীদের যথাযথ তল্লাশির মাধ্যমে কেন্দ্রে প্রবেশ করানো হয়।
এএসআই আজমীর বলেন, পরীক্ষা শুরুর আগে থেকেই আমরা সর্বোচ্চ সতর্ক অবস্থানে ছিলাম। দ্বিতীয় দিনের পরীক্ষাও সম্পূর্ণ শান্তিপূর্ণ ও নকলমুক্তভাবে সম্পন্ন হয়েছে।
এদিন কেন্দ্রটি পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা। এ সময় ঘাটভোগ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দুও উপস্থিত ছিলেন।
ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজিজুল ইসলাম নুন্দু বলেন, শিক্ষার্থীদের নির্বিঘ্নে পরীক্ষা সম্পন্ন করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখা হয়েছে।
কেন্দ্র সচিব ও শিয়ালী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আহসান উল্লাহ জানান, বোর্ডের নির্দেশনা অনুযায়ী পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে থেকেই পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করা হয়। প্রথমে বহুনির্বাচনী এবং পরে বিরতিহীনভাবে সৃজনশীল অংশের পরীক্ষা গ্রহণ করা হয়।
উল্লেখ্য, গত মঙ্গলবার একই কেন্দ্রে বাংলা প্রথম পত্রের পরীক্ষাও শান্তিপূর্ণ পরিবেশে সফলভাবে সম্পন্ন হয়েছিল।