যাত্রীসেবায় প্রশংসিত বিমানবন্দর রেল ফাঁড়ির ইনচার্জ

খুলনা সংবাদদাতা

 

রাজধানীর ব্যস্ততম ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন-এ দায়িত্ব পালন করতে গিয়ে মানবিকতা ও পেশাদারিত্বের অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন রেলওয়ে পুলিশের কর্মকর্তা মো. হারুন উর রশিদ (পিপিএম)। বিমানবন্দর রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি যাত্রীসেবা, নিরাপত্তা এবং শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।
২০২৫ সালের ২০ নভেম্বর দায়িত্ব গ্রহণের পর স্টেশন এলাকায় অবৈধ কার্যক্রম প্রতিরোধ, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত এবং শৃঙ্খলা বজায় রাখতে নানা উদ্যোগ গ্রহণ করেন তিনি। রেলওয়ে সূত্র জানায়, প্রতিদিনের ব্যস্ততার মধ্যেও যাত্রীদের সহায়তায় তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়া এবং মানবিক আচরণের জন্য ইতোমধ্যেই সবার আস্থা অর্জন করেছেন এই কর্মকর্তা।
সম্প্রতি তার মানবিক কর্মকাণ্ডের দুটি ঘটনা যাত্রীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে। গত ১৯ এপ্রিল নোয়াখালী থেকে অভিমান করে বাড়ি ছেড়ে আসা এক কিশোর বিমানবন্দর রেলস্টেশনে এসে পৌঁছায়। বিষয়টি নজরে আসার পর রেলওয়ে পুলিশ দ্রুত তাকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং পরিবারের সঙ্গে যোগাযোগ স্থাপন করে। পরে স্বজনরা এসে তাকে নিরাপদে বাড়িতে নিয়ে যান।
এর পরদিন, ২০ এপ্রিল দুপুরে দুইজন এসএসসি পরীক্ষার্থী ভুল করে চট্টগ্রামগামী ট্রেনে উঠে পড়ে। বিষয়টি বুঝতে পেরে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে একজনের হাত ভেঙে যায় এবং অপরজনের পায়ের গোড়ালি মচকে যায়। খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত তাদের উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে আসে।
এ সময় ইনচার্জ হারুন উর রশিদ নিজ উদ্যোগে আহত দুই শিক্ষার্থীর চিকিৎসার ব্যবস্থা করেন এবং তাদের কুর্মিটোলা জেনারেল হাসপাতাল-এ পাঠান।
সহকর্মী ও যাত্রীদের ভাষ্য, দায়িত্ববোধ ও মানবিকতার সমন্বয়ে কাজ করায় মো. হারুন উর রশিদ এখন বিমানবন্দর রেলস্টেশনের এক আস্থার নাম।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ