
খুলনা সংবাদদাতা
খুলনার তেরখাদা উপজেলায় আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে জোর আলোচনা। সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপে ইতোমধ্যে জমে উঠেছে নির্বাচনী মাঠ। এরই মধ্যে ভাইস চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় উঠে এসেছেন আমিনুল ইসলাম আমিন। স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে এমনটাই জানা গেছে।
জানা যায়, দীর্ঘদিন ধরে ছাত্র রাজনীতির সঙ্গে সম্পৃক্ত আমিনুল ইসলাম আমিন ২০০৯ সাল থেকে রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয়। তিনি নর্থ খুলনা ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক নেতা, তেরখাদা উপজেলা ছাত্রদলের সাবেক নেতা, জেলা ছাত্রদলের সাবেক সদস্য ও যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। রাজনৈতিক জীবনে বিভিন্ন মামলার আসামি হয়ে কারাবরণও করেছেন তিনি।
বর্তমানে সম্ভাব্য ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠ চষে বেড়াচ্ছেন আমিন। নিয়মিত গণসংযোগ, কুশল বিনিময় এবং জনসম্পৃক্ত কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বাড়িয়ে তুলছেন। বিভিন্ন এলাকায় গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন এবং তাদের সমস্যা, সম্ভাবনা ও প্রত্যাশার কথা শুনছেন।
আমিনুল ইসলাম আমিন বলেন, “আমি সাধারণ মানুষের পাশে থাকতে চাই। তাদের সুখ-দুঃখের কথা শুনে কাজ করতে চাই। বিশেষ করে গরিব, অসহায় ও হতদরিদ্র মানুষের আস্থা অর্জন করেই নির্বাচনী বৈতরণি পার হতে চাই।”
তিনি আরও বলেন, “জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং মাদকমুক্ত সমাজ গড়তে কাজ করতে চাই। নির্বাচিত হলে জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে সর্বোচ্চ চেষ্টা করব।”
এদিকে স্থানীয়রা বলছেন, নির্বাচন কবে হবে তা এখনো চূড়ান্ত না হলেও সম্ভাব্য প্রার্থীদের তৎপরতায় ইতোমধ্যে তেরখাদার রাজনৈতিক মাঠ সরগরম হয়ে উঠেছে। ভোটারদের মধ্যে চলছে নানা হিসাব-নিকাশ—কাকে ভোট দিলে এলাকায় উন্নয়ন, শান্তি-শৃঙ্খলা ও মাদকমুক্ত পরিবেশ নিশ্চিত হবে, তা নিয়েই আলোচনা এখন তুঙ্গে।
সব মিলিয়ে, নির্বাচন ঘনিয়ে না এলেও আগাম প্রচারণা ও গণসংযোগে তেরখাদায় নির্বাচনী আমেজ স্পষ্ট হয়ে উঠছে।