
খুলনা সংবাদদাতা
খুলনার তেরখাদা উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক তৎপরতা ক্রমেই বেড়ে চলেছে। এরই ধারাবাহিকতায় ১ নম্বর আজগড়া ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী ও ইউনিয়ন বিএনপি’র সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ইলিয়াস মোল্লার বিশাল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) বিকেলে আমতলা মোড় থেকে শোডাউনটি শুরু হয়ে ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। প্রায় দেড় শতাধিক মোটরসাইকেল ও দুই শতাধিক ভ্যানের অংশগ্রহণে পুরো এলাকা জুড়ে তৈরি হয় নির্বাচনী আমেজ ও জনসমাগমের দৃশ্য।
শোডাউনের সামনে লাল রঙের একটি মোটরসাইকেলে দাঁড়িয়ে ইলিয়াস মোল্লা হাত নেড়ে পথচারী ও স্থানীয় মানুষের শুভেচ্ছা গ্রহণ করেন। রাস্তার দুই পাশে দাঁড়িয়ে থাকা মানুষও হাত নেড়ে তাকে স্বাগত জানান। পুরো পরিবেশ ছিল উৎসবমুখর ও প্রাণবন্ত।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ইলিয়াস মোল্লা দীর্ঘদিন ধরে এলাকায় সামাজিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত। সহজ-সরল আচরণ এবং মানুষের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের কারণে তিনি সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। অনেকেই মনে করছেন, আসন্ন নির্বাচনে তিনি শক্ত প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে থাকবেন।
শোডাউনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, কর্মী-সমর্থকসহ ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে আজগড়া ইউনিয়নে নির্বাচনী উত্তাপ আরও স্পষ্ট হয়ে ওঠে।
রাজনৈতিক অঙ্গনে ইলিয়াস মোল্লা খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সদস্য সচিব মনির হাসান বাপ্পির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গেও তার সুসম্পর্ক রয়েছে বলে জানা গেছে।
স্থানীয়দের মতে, এই শোডাউনের মাধ্যমে নির্বাচনের আগে নিজের শক্ত অবস্থান ও জনসমর্থনের স্পষ্ট বার্তা দিয়েছেন ইলিয়াস মোল্লা। এখন নজর ভোটের মাঠে সেই সমর্থন কতটা প্রভাব ফেলে, সেদিকেই।