সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান ডেস্ক, ফেনী।
ফেনী জেলায় কর্মরত সকল অনলাইন নিউজ পোর্টাল, আইপি টেলিভিশন এবং ছাপা পত্রিকার প্রকাশনা ও আইনি বৈধতা যাচাইয়ের কঠোর উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন। আইনি বাধ্যবাধকতা নিশ্চিত করতে বুধবার (১লা জুলাই, ২০২৬) জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক স্বাক্ষরিত পৃথক দুটি দাপ্তরিক নির্দেশনায় গণমাধ্যমগুলোর নিবন্ধন ও প্রকাশনার প্রমাণপত্র তলব করা হয়েছে। জুডিশিয়াল মুন্সিখানা শাখা থেকে এই নির্দেশনা জারি করে প্রশাসন।
ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধিকরণ) আইন, ১৯৭৩-এর ৯ ধারা অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে জেলা প্রশাসন। ঘোষণাপত্র প্রামাণীকরণের তারিখ থেকে তিন মাসের মধ্যে পত্রিকা প্রকাশ না হলে ব্যবস্থা নেবে কর্তৃপক্ষ। এছাড়া পূর্বে প্রকাশিত দৈনিক পত্রিকা টানা তিন মাস এবং অন্যান্য পত্রিকা ছয় মাস বন্ধ থাকলে ঘোষণাপত্র স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাবে। এই আইনি বিধান প্রতিপালন ও সঠিকতা যাচাই করতে পত্রিকাগুলোর ডিক্লারেশনের কপি চেয়েছে প্রশাসন। একইসঙ্গে প্রকাশিত দৈনিক পত্রিকার ক্ষেত্রে গত তিন মাসের এবং অন্যান্য পত্রিকার ক্ষেত্রে গত ছয় মাসের প্রকাশিত সব সংখ্যার বাঁধাই করা কপি জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।
অন্যদিকে, জাতীয় অনলাইন গণমাধ্যম নীতিমালা ২০১৭ (সংশোধিত ২০২০)-এর ২.১.৬ ধারা অনুযায়ী অনলাইন নিউজ পোর্টাল ও আইপি টেলিভিশনগুলোকে নতুন নির্দেশনার আওতায় এনেছে প্রশাসন। ডিক্লারেশন নিয়ে ছাপানো পত্রিকা প্রকাশকারীরা তাদের ই-পেপার অনলাইনে প্রকাশের জন্য নতুন করে নিবন্ধন করার প্রয়োজন নেই। তবে প্রিন্ট ও অনলাইন ভার্সনের মধ্যে ভিন্নতা থাকলে অনলাইনের জন্য আলাদা নিবন্ধন করতে হবে। অনলাইন এডিশন প্রকাশের বিষয়ে যাবতীয় তথ্য কমিশনকে অবহিত করতে বলা হয়েছে নির্দেশনায়।
ফেনী জেলায় কার্যক্রম চলমান সকল গণমাধ্যমকে বৃহস্পতিবার (২রা জুলাই, ২০২৬) বিকেল ৪টার মধ্যে জেলা প্রশাসকের কার্যালয়ে এসব প্রমাণপত্র জমা দেওয়ার চূড়ান্ত নির্দেশ দিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট মনিরা হক।