
সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান ডেস্ক।
ফেনীর লালপোল ও কালিপাল এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি) পৃথক অভিযানে ভ্রাম্যমাণ আদালতে চারজনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও একজনকে ইয়াবাসহ আটক করা হয়েছে। রবিবার (২৮শে জুন, ২০২৬) বিকেলে অভিযানগুলো পরিচালনা করে ডিএনসি ফেনী কার্যালয়ের রেডিং টিম।
লালপোল বেদে পল্লী এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট চয়ন বড়ুয়ার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে চারজনকে হাতেনাতে আটকের পর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়। দণ্ডিতদের মধ্যে সোনাগাজীর বাপদিয়া ৩ নম্বর ওয়ার্ডের মৃত আইয়ুবের ছেলে আজিজুল হককে সর্বোচ্চ ১০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। এছাড়া ফেনী সদরের মিয়ার বাজার ৯ নম্বর ওয়ার্ডের এনামুল হকের ছেলে একরামুল হক পারভেজ এবং দাগনভূঞার কৃষ্ণরামপুর ৭ নম্বর ওয়ার্ডের শাহাদাত হোসেনের ছেলে নাহিদ হাসানকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে, ফেনী সদরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার মো. মামুনের ছেলে বিল্লাল হোসেনকে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়।
বিকেল ৫টা থেকে সাড়ে ৫টার মধ্যে ফেনী মডেল থানার ট্রাংক রোডস্থ কালিদাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কালিপাল দশমী ঘাটের দক্ষিণে অভিযান চালায় ডিএনসির রেডিং টিম। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে ৩৫ পিস ইয়াবাসহ উজ্জল শুক্ল বৌদ্য (২৩) নামের এক যুবককে আটক করা হয়। আটক উজ্জল ফেনী সদর থানার ৮ নম্বর দলিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড মোল্লা তাকিয়া এলাকার শিবু মোহন শুক্ল বৌদ্য ও গীতা মোহন শুক্ল বৌদ্যের ছেলে। সে ওই এলাকার শাহজাহানের বাড়িতে ভাড়ায় বসবাস করে।
ইয়াবা উদ্ধারের ঘটনায় আটক উজ্জল শুক্ল বৌদ্যকে অভিযুক্ত করে ফেনী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। মামলায় বাদী হয়েছেন ডিএনসি ফেনীর পরিদর্শক জীবন বড়ুয়া। দুটি অভিযানের বিষয়েই আনুষ্ঠানিক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ডিএনসি ফেনীর সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল হামিদ।