৬ জেলায় সেনা মোতায়েন : কারণ জানাল স্বরাষ্ট্র মন্ত্রণালয়

0
11

সংবাদ প্রতিবেদন : নিত্যবয়ান ডেস্ক, ঢাকা।

নাশকতার আশঙ্কা ও বিশৃঙ্খলা প্রতিরোধের লক্ষ্যে ঢাকা ও চট্টগ্রামসহ দেশের ৬টি জেলায় সেনা মোতায়েন করেছে সরকার। সোমবার (২২ জুন, ২০২৬) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি এই পদক্ষেপকে ‘নিয়মিত আইনি প্রক্রিয়া’ হিসেবে অভিহিত করে দাবি করেন, দেশে সামগ্রিক অপরাধের হার বর্তমানে যেকোনো সরকারের আমলের চেয়ে উল্লেখযোগ্যভাবে কম।

সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বেসামরিক প্রশাসনকে সহায়তার অংশ হিসেবে সোমবার থেকে আগামী ৩০ জুন পর্যন্ত এই সেনা মোতায়েন বলবৎ থাকবে। ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ ও গাজীপুর মেট্রোপলিটন এলাকার পাশাপাশি ফরিদপুর এবং গোপালগঞ্জ জেলায় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কিছু সদস্য দেশের বিভিন্ন জেলায় মিছিল ও সমাবেশের মাধ্যমে অস্থিরতা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে। এই অপতৎপরতা রুখতে এবং জনমনে স্বস্তি ফেরাতে দেশের সকল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে, দীর্ঘ প্রায় দেড় বছর মাঠপর্যায়ে দায়িত্ব পালনের পর গত ১৫ জুন সেনা সদস্যদের ব্যারাকে ফিরিয়ে নেওয়া হয়েছিল। মাত্র এক সপ্তাহের ব্যবধানে এই সীমিত পরিসরে পুনরায় সেনা মোতায়েনের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রয়োজন অনুযায়ী পুলিশকে সহযোগিতা করতে সেনাবাহিনী বা বিজিবি নামানো একটি নিয়মিত আইনি প্রক্রিয়া। পুলিশ বাহিনীর বহু কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের কথা উল্লেখ করে তিনি দাবি করেন, এখানে পুলিশের ওপর আস্থা বা অনাস্থার কোনো সম্পর্ক নেই।

সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে মন্ত্রী জানান, এগারো দলীয় রাজনৈতিক জোটসহ অন্যান্য দলগুলোর সমাবেশ করার অধিকার দেশে গণতন্ত্র বিকাশেরই বহিঃপ্রকাশ এবং তারা স্বাধীনভাবে নিজেদের বক্তব্য তুলে ধরছেন। অন্যদিকে, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্যের ছেলেকে জিজ্ঞাসাবাদের বিষয়ে তিনি বলেন, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে জিজ্ঞাসাবাদের পর আইনানুগ প্রক্রিয়া মেনে তাকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আইনের চোখে সংসদ সদস্য থেকে শুরু করে সাধারণ নাগরিক—সবাই সমান বলে দাবি করেন মন্ত্রী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here