
রাসেল আহমেদ, খুলনা
খুলনার তেরখাদায় শিক্ষার্থীদের সার্বিক বিকাশে পাঠ্যবইয়ের পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার ওপর গুরুত্বারোপ করেছেন খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল। তিনি বলেছেন, কেবল একাডেমিক শিক্ষায় সীমাবদ্ধ থাকলে একজন শিক্ষার্থী পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না; বরং শারীরিক, মানসিক ও নৈতিক বিকাশের সমন্বয়েই প্রকৃত শিক্ষার ভিত্তি তৈরি হয়।
শুক্রবার (১৭ এপ্রিল) তেরখাদা উপজেলার আদমপুর বলর্ধনা শালিকদাহ মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, “একজন আদর্শ শিক্ষার্থীর জন্য শৃঙ্খলা, নৈতিকতা ও শরীরচর্চা অত্যন্ত জরুরি। সুস্থ দেহ ও প্রফুল্ল মন ছাড়া শিক্ষার প্রকৃত বিকাশ সম্ভব নয়। তাই শিক্ষার্থীদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল চর্চায় অংশগ্রহণ বাড়াতে হবে।” বর্তমান প্রজন্মকে দেশের ভবিষ্যৎ উল্লেখ করে তিনি তাদের মাদক, সন্ত্রাস ও অপসংস্কৃতি থেকে দূরে রাখার ওপর গুরুত্ব দেন।
প্রযুক্তির অপব্যবহার নিয়েও সতর্ক করে তিনি বলেন, শিক্ষার্থীদের মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে সচেতন করতে শিক্ষক ও অভিভাবকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। একইসঙ্গে সরকার ক্রীড়া ও সংস্কৃতির প্রসারে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে বলেও তিনি উল্লেখ করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এস এম নুরুন্নবীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মহাপরিচালক শিকদার রাশেদ কামাল, তেরখাদা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহীদুল্লাহ, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক খান জুলফিকার আলী জুলু, উপজেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক চৌধুরী কাওছার আলী, চিত্রা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ এস এম মিজানুর রহমান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক চৌধুরী ফখরুল ইসলাম বুলু, রূপসা উপজেলা বিএনপির আহ্বায়ক মোল্যা সাইফুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এফ এম হাবিবুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. রবিউল হোসেন এবং উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অরবিন্দ প্রসাদ সাহা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকরাম হোসেন জমাদ্দার। এছাড়া বক্তব্য দেন ও উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক এস এম ফয়সাল রহমান, বিএনপি নেতা মোল্যা মাহবুবুর রহমান, মো. সাজ্জাদ হোসেন নান্টা, শিক্ষক শরীফ নাঈমুল হক, মোল্যা হুমায়ুন কবির, মো. বিল্লাল হোসেন, শেখ আজিজুর রহমান আজিবার, সিকদার ইবাদ হোসেন, আবুল হোসেন বাবু, মো. গোলাম মোস্তফা ভুট্টো এবং উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাব্বির আহমেদ টগর। বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
শেষে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।