তেরখাদা সদর ইউপিতে ‘মডেল ইউনিয়ন’ গড়ার প্রতিশ্রুতি আজিজুর রহমান আজিবারের

খুলনা সংবাদদাতা

খুলনার তেরখাদা উপজেলার ৫নং সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ‘মডেল ইউনিয়ন’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন তরুণ ও শিক্ষিত সমাজসেবক শেখ আজিজুর রহমান আজিবার। সুশাসন, সততা ও স্বচ্ছতাকে প্রাধান্য দিয়ে তিনি ইউনিয়নবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সম্প্রতি ইউনিয়নবাসীর উদ্দেশ্যে দেওয়া এক বার্তায় তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়ন পরিষদের প্রতিটি কার্যক্রম হবে জনসম্পৃক্ত ও জবাবদিহিতামূলক। জনগণের মতামতকে গুরুত্ব দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।
আজিজুর রহমান আজিবার তার পরিকল্পনায় অবকাঠামো উন্নয়নকে অগ্রাধিকার দিয়েছেন। তিনি বলেন, গ্রামীণ রাস্তাঘাট সংস্কারের পাশাপাশি কৃষকদের জন্য সার, উন্নত বীজ ও সেচ সুবিধা নিশ্চিত করা হবে। এতে স্থানীয় কৃষি উৎপাদন বাড়বে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতেও নানা উদ্যোগের কথা তুলে ধরেন তিনি। বেকার যুবকদের দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ, খেলাধুলায় উৎসাহ প্রদান এবং ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রকে সক্রিয় করে মাতৃ ও শিশুস্বাস্থ্যসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথা জানান।
নিরাপত্তা জোরদারে মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণের ঘোষণা দেন আজিবার। তিনি বলেন, ইউনিয়নজুড়ে সিসি ক্যামেরা স্থাপন এবং কমিউনিটি পুলিশিং কার্যক্রম জোরদার করা হবে।
এছাড়া সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে বয়স্ক ও বিধবা ভাতার সঠিক তালিকা প্রণয়ন করে প্রকৃত সুবিধাভোগীদের কাছে সরকারি সহায়তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন তিনি। নারী উন্নয়নেও গুরুত্ব দিয়ে নারী উদ্যোক্তাদের সহায়তা এবং সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি বজায় রাখতে কাজ করার কথা বলেন।
ব্যক্তিগত জীবনে বি.এ (স্নাতক) ডিগ্রিধারী শেখ আজিজুর রহমান আজিবার রাজনৈতিক অঙ্গনেও সক্রিয়। তিনি তেরখাদা উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক, সাবেক দপ্তর সম্পাদক এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন।
ইউনিয়নবাসীর দোয়া ও সমর্থন কামনা করে তিনি বলেন, “জনগণই উন্নয়নের মূল শক্তি। আমি শাসক নয়, সেবক হতে চাই। একটি আধুনিক, উন্নত ও ডিজিটাল ইউনিয়ন গড়তে সবার সহযোগিতা প্রয়োজন।”
স্থানীয়দের মতে, তরুণ ও শিক্ষিত প্রার্থী হিসেবে আজিজুর রহমান আজিবারের এই উদ্যোগ তেরখাদা সদর ইউনিয়নে ইতিবাচক পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।

এ রকম আরো সংবাদ

আমাদের সাথে থাকুন

0FansLike
0SubscribersSubscribe

সর্বশেষ সংবাদ